
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারি
বৃষ্টিতে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি
হয়েছে। গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে ৮ সেন্টিমিটার
বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
শুক্রবার (২৭ আগস্ট) সকাল ৬টায় যমুনা নদীর
পানি বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেন সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের শহর রক্ষা বাঁধ পয়েন্টের
দায়িত্বে থাকা গেজ মিটার (পানি পরিমাপক) আব্দুল লতিফ।
পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্লাবিত হয়েছে
নিম্নাঞ্চল ও চরাঞ্চল। এতে পানিবন্দী হয়ে পড়েছেন জেলার প্রায় ৩৫ হাজার মানুষ। দেখা
দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। তলিয়ে গেছে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ, রাস্তাঘাট,
বিস্তীর্ণ রোপা আমনের ক্ষেত। ভাঙন আতঙ্কে রয়েছে নদী তীরবর্তী এলাকার মানুষ।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী
প্রকৌশলী জাকির হোসেন জানিয়েছেন, আগামী আরও কয়েকদিন পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।
তবে বড় বন্যার আশঙ্কা নেই।
এ বিষয়ে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা
আব্দুর রহিম জানিয়েছেন, বন্যার্তদের জন্য সরকারিভাবে পর্যাপ্ত পরিমাণ খাদ্য সামগ্রী
বরাদ্দ রয়েছে। প্রয়োজনে পানি বন্দীদের মাঝে বরাদ্দকৃত খাদ্য সামগ্রীগুলো বিতরণ করা
হবে। এছাড়া আমাদের কাছে প্রায় ৬০০ টন চাল মজুদ রয়েছে। পর্যায়ক্রমে এ চাউল বন্যার্তদের
মাঝে বিতরণ করা হবে।

