Logo
শিরোনাম

সিরাজগঞ্জে শিশু ইমন হত্যা, ৫ আসামির যাবজ্জীবন

প্রকাশিত:মঙ্গলবার ২২ নভেম্বর ২০২২ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১২৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সিরাজগঞ্জে বেলকুচিতে শিশু ইমন (৬) হত্যা মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক মোহাম্মদ এরফান উল্লাহ এই সাজা প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন বেলকুচি উপজেলার চর মকিমপুর গ্রামের কোরবান আলীর ছেলে সোহেল (২৫), আবদুস সোবহানের ছেলে কাওছার (২৪), গোলাম হোসেনের ছেলে ওসমান (২৫), তামাই গ্রামের ময়দান আলীর ছেলে আল-আমিন (৩৫) ও হিরন (৩০)। এর মধ্যে হিরন পলাতক রয়েছেন।

মামলার অভিযোগপত্রে জানা যায়, শিশু ইমনের বাবা চাঁন মিয়া মালয়েশিয়ায় থাকেন। চাঁন মিয়ার স্ত্রী মমতা খাতুন দুই সন্তান নিয়ে তার বাবার বাড়ি চর মকিমপুর গ্রামে বসবাস করেন। মমতা তার চাচা আলীর নিকট জমি কেনার জন্য ৩০ হাজার টাকা বায়না দেন। পরবর্তীতে জমি রেজিস্ট্রি করে না দেওয়ায় টাকা ফেরত চাওয়ায় মমতার ছেলের ক্ষতি করবে বলে হুমকি দেন চাচা।

এরপর ২০১১ সালের ১৫ ফেব্রুয়ারি বিকেল থেকে মমতার ছেলে ইমন নিখোঁজ হয়। খোঁজাখুঁজির পরও শিশু ইমনের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে বেলকুচি থানায় সাধারণ ডায়রি করেন মমতা।

পরবর্তীতে ২২ ফেব্রুয়ারি দুপুরে বাড়ির পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত ঘরে ইমনের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। এ ঘটনায় নিহত শিশু ইমনের চাচা সানোয়ার হোসেন বাদী হয়ে আট জনের নাম উল্লেখ করে বেলকুচি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা চলাকালে ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায় প্রদান করেন। 


আরও খবর