Logo
শিরোনাম

সিসিটিভি ক্যামেরা চললে বুথের গোপনীয়তা রক্ষা হবে না: রিটার্নিং অফিসার

প্রকাশিত:রবিবার ১৬ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ২২ আগস্ট ২০২৩ | ১০৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কেন্দ্রের ভেতরে বুথের গোপনীয়তা রক্ষায় সিসিটিভি ক্যামেরা বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার মাহফুজা আক্তার। আজ শনিবার দুপুরে নগরীর মডার্ন উচ্চ বিদ্যালয়ে নির্বাচনী সামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন।

একজন স্বতন্ত্র প্রার্থী অভিযোগ করেছেন, কেন্দ্র থেকে সিসিটিভি ক্যামেরা খুলে ফেলা হয়েছেএ প্রসঙ্গে জানতে চাওয়া হলে মাহফুজা আক্তার বলেন, কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা কাজ করবে না। কেন্দ্রে যদি সিসিটিভি ক্যামেরা যদি কাজ করে তাহলে কেন্দ্রের ভেতরে বুথের গোপনীয়তা রক্ষা হলো না। সব কেন্দ্রে তো সেটা নেই, যেখানে আছে সেখানে বন্ধ থাকবে।

তিনি আরও বলেন, ভোটাররা তার পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। ভোট দিতে আসবেন, শান্তিপূর্ণ-সুশৃঙ্খল পরিবেশে আসবেন। তারা স্বাস্থ্যবিধি মেনে ভোটকেন্দ্রে আসবেন, ভোট দেবেন। উৎসবমুখর পরিবেশে সচ্ছন্দে ফিরে যাবেন। আমরাদের প্রস্তুতি ভালো, পরিবেশও সন্তোষজনক আছে বলে জানান মাহফুজা আক্তার।

ইভিএম-এ কোনো গোলযোগ দেখা দিলে বিকল্প পরিকল্পনা কী জানতে চাইলে তিনি বলেন, আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী তো নিয়জিত আছেই। পাশাপাশি অতিরিক্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাওয়া হয়েছে। স্ট্রাইকিং ফোর্স, টহল বাহিনী সবই থাকবে। তারা সব কিছু দেখবে। পুরো সিটি করপোরেশন এলাকা ৩ ভাগে ভাগ করে ৪৮ জনের টেকনিক্যাল মোবাইল টিম ঘুরবে। ইভিএম-এ কোনো ত্রুটি দেখা দিলে যখন যেখানে প্রয়োজন হবে তারা সেখানে যাবেন এবং কার্যকর ব্যবস্থা নেবেন।

প্রার্থীরা সংবাদ সম্মেলনে তাদের আশঙ্কার কথা তুলে ধরছেন। এ ধরনের কোনো আনুষ্ঠানিক অভিযোগ কমিশন পেয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, আমাদের কাছে এ ধরনের কোনো অভিযোগ আসেনি। তবে আমাদের প্রস্তুতি আছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ম্যাজিস্ট্রেট এবং আমাদের টিমের সমন্বয়ে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

মাহফুজা আক্তার আরও বলেন, এখান থেকে আমরা ১০ থেকে ১১ নম্বর ওয়ার্ডের মালামাল বিতরণ করছি। ১ থেকে ৯ পর্যন্ত ওয়ার্ডের মালামাল বিতরণ হবে সিদ্ধিরগঞ্জ পাওয়ার হাউস বিদ্যালয় থেকে। বন্দর থানার মালামাল বিতরণ হবে বন্দর থেকে। ইতোমধ্যে সব আয়োজন সম্পন্ন হয়েছে। আমাদের প্রিসাইডিং অফিসাররা চলে এসেছেন। দায়িত্বরত পুলিশ ফোর্স তারা আসতে শুরু করেছেন।

মডার্ন উচ্চ বিদ্যালয়ে ৪টি কেন্দ্রের মধ্যে দুটি কেন্দ্র (১২১ ও ১২৩) আমরা মডেল বুথ হিসেবে ব্যবহার করছি। একটি পুরুষ কেন্দ্র ও একটি নারী কেন্দ্র। একটি কেন্দ্রে বুথ সংখ্যা ৬টি ও অন্যটিতে ৫টি। এখানে আমাদের টেকনিক্যাল টিম থাকবে, অতিরিক্ত মেশিন থাকবে, ট্রাবল শ্যুটাররা থাকবে বলে জানান রিটার্নিং অফিসার।


আরও খবর