
রাজধানীর গুলিস্তান এলাকায় ঢাকা দক্ষিণ
সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নাঈম হাসান (১৭) নামে এক কলেজছাত্র
নিহত হয়েছেন। তিনি নটরডেম কলেজের শিক্ষার্থী ছিলেন।
বুধবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার
দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে কলেজ (ঢামেক)
হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা সোয়া ১২টায় মৃত ঘোষণা করেন।
তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া
কবি নজরুল কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র আমিনুল ইসলাম ফাহিম জানান, গুলিস্তান হল মার্কেটের
সামনের রাস্তা হেঁটে পার হওয়ার সময় গুলিস্তান জিরো পয়েন্টগামী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের
ময়লা পরিবহনের একটি বেপরোগতির গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আঘাত পায় নাঈম।
সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ
(ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, দুপুর সোয়া ১২টার দিকে তাকে হাসপাতালে নিয়ে
আসা হয়। এরপর চিকিৎসকরা পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে রাখা হয়েছে।
তিনি আরও জানান, নিহতের পরনে নটরডেম কলেজের
ইউনিফর্ম রয়েছে। আর তার ব্যাগে থাকা জাতীয় জন্ম নিবন্ধন সনদ থেকে নাম জানা গেছে নাঈম
হাসান। পিতা মো. শাহ আলম দেওয়ান ও মা জান্নাতুল ফেরদৌস। বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ
উপজেলার পূর্ব কাজিরখিল দেওয়ানবাড়ী গ্রামে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
মওদুদ হাওলাদার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পরপরই ময়লার
গাড়ি জব্দসহ চালককে আটক করা হয়েছে।

