
পানিতে ডুবে সন্তানের মৃত্যুর খবর শুনে
কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হলেন বাবা। নিহত পিতা পুত্রের
বাড়ি নোয়াখালীর সদর উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের জগতপুর গ্রামে। নিহত মাওলানা আজগর
আলী (৩৫) লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের আজহারুল উলুম মোহাম্মদীয়া
মাদ্রাসার শিক্ষক ছিলেন।
মাওলানা আজগর আলী কমলনগর উপজেলার চর কাদিরা
ইউনিয়নের আজহারুল উলুম মাদ্রাসার শিক্ষক ছিলেন। তিনি সদর উপজেলার পূর্ব চর মটুয়া ইউনিয়নের
জগতপুর গ্রামের মো. ইসমাইল হোসেনের ছেলে।
আজগর আলীর সহকর্মী আবদুর রহমান বলেন, দক্ষিণ
জগতপুর গ্রামের মাওলানা আজগর আলীর শিশুপুত্র জাকারিয়া নানার বাড়ি কালাদরাপ ইউনিয়নের মাদারবাড়ি এলাকায়
মায়ের সাথে বেড়াতে যায়। শনিবার দুপুরের দিকে জাকারিয়াকে কোথাও দেখতে না পেয়ে খোঁজাখুঁজি
শুরু হয়। এক পর্যায়ে দুপুর আড়াইটার দিকে জাকারিয়াকে বাড়ির পুকুরে মৃত অবস্থায় স্বজনরা
দেখতে পান। সন্তানের মৃত্যুর সংবাদ পেয়ে কমলনগর থেকে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন আজগর
আলী। আমিনবাজার নামক স্থানে ব্যাটারিচালিত অটোরিকশার সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
এতে দুর্ঘটনায় তিনি মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা
জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে
বিকেল সাড়ে ৫টায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

