
শ্রীলঙ্কার প্রেসিডেন্টের
দায়িত্ব নিতে চান সাবেক সেনাপ্রধান ও দেশের প্রথম ফিল্ড মার্শাল শরৎ ফনসেকা। শরৎ ফনসেকা
সেনাপ্রধানের দায়িত্ব ছাড়ার পর রাজনীতিতে যোগ দেন। ২০১০ সালে প্রেসিডেন্ট মাহিন্দা
রাজাপাকসের বিরুদ্ধে নির্বাচন করে পরাজিত হন তিনি।
বৃহস্পতিবার
(১৪ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সংসদের বেশির ভাগ সদস্য যদি আমাকে প্রেসিডেন্ট
পদে নির্বাচিত করেন, তাহলে আমি দায়িত্ব নেব।
সংবাদ সম্মেলনে
শ্রীলঙ্কার সাবেক এই সেনাপ্রধান বলেন, শ্রীলঙ্কান পদুজানা পেরামানা দলের বড় একটি অংশসহ
কয়েকটি দলের এমপিরা আমাকে প্রেসিডেন্ট পদে লড়ার অনুরোধ করেছেন। নির্বাচিত হলে আমি প্রেসিডেন্ট
পদে দায়িত্ব নিতে রাজি।
প্রেসিডেন্ট পদে
প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি তার নেতা সাজিথ প্রেমাদাসা জানেন কিনা? এমন প্রশ্নের জবাবে
শরৎ ফনসেকা বলেন, এটা আমার ব্যক্তিগত বিষয়, নেতার কাছে বলার প্রয়োজন নেই।
গত মঙ্গলবার শ্রীলঙ্কার
প্রধান বিরোধী দল এসজেবির নেতা সাজিথ প্রেমাদাসা বলেছিলেন, গোতাবায়া পদত্যাগ করলে তিনি
প্রেসিডেন্ট পদে লড়তে চান। ২০১৯ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়ে হেরেছিলেন সাজিথ
প্রেমাদাসা। এখন প্রেসিডেন্ট পদ শূন্য হলে তাকে সেই পদে জয়ী হতে হলে শাসক জোটের এমপিদের
সমর্থন দরকার পড়বে।
সংবাদ সম্মেলনে
বিক্ষোভকারীদের উদ্দেশে শরৎ ফনসেকা দখলকৃত রাষ্ট্রীয় ভবন ছেড়ে যেতে তাড়াহুড়া না করার
পরামর্শ দেন।

