
বিয়ের ১৮ মসের মাথায় যৌতুকের জন্য আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন করে হত্যার ঘটনায়
পাষণ্ড স্বামী সুমনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। হত্যাকাণ্ডের
প্রায় ছয় মাস পর র্যাবের হাতে সুমন গ্রেফতার হন বলে শনিবার (১৬ এপ্রিল) চান্দগাঁও
ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল
এম এ ইউসুফ।
শনিবার (১৬ এপ্রিল)
সকালে চট্টগ্রাম নগরীর বায়োজিদ বোস্তামি থানার চন্দন নগর এলাকা থেকে তাকে গ্রেফতার
করা হয়েছে।
র্যাব জানিয়েছে,
গত বছরের ৩১ অক্টোবর যৌতুকের জন্য শ্বশুর বাড়িতে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা হয় সুমনের।
পরে মোটরসাইকেলে করে স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরার পথে চলন্ত মোটরসাইকেল থেকে থাপ্পড় মেরে
স্ত্রীকে রাস্তায় ফেলে দেন সুমন। সেখানেই শুরু করেন মারধর। আঙুলের আঘাতে স্ত্রীর বাম
চোখ নষ্ট করে ফেলেন। হাত-পা ভেঙে দেন। ইট দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করেন। শেষে মোটরসাইকেলের
গরম সেলেঞ্জার পাইপের সঙ্গে মনির বুক চেপে ধরেন। এরপর স্ত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ
হাসপাতালে রেখে পালিয়ে যান সুমন। টানা ২৬ দিন চিকিৎসাধীন থেকে গত বছরের ২৫ নভেম্বর
গর্ভাবস্থায় মারা যান মনি আক্তার।
লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ বলেন, মনি হত্যাকাণ্ডের ঘটনায় ভুজপুর থানায় একটি মামলা হয়। এরপর তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে ঘাতক সুমনের অবস্থান শনাক্ত করা হয়। শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বায়োজিদ বোস্তামি থানাধীন চন্দ্রনগর এলাকা থেকে সুমনকে গ্রেফতার করা হয়। তাকে ভুজপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

