Logo
শিরোনাম

‘স্বাস্থ্য অধিদপ্তর‍‍ ডেঙ্গু নিয়ে পূর্ণাঙ্গ তথ্য দিচ্ছে না’

প্রকাশিত:বুধবার ৩১ আগস্ট ২০২২ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ১৬০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু রোগীর পূর্ণাঙ্গ তথ্য দিচ্ছে না বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেছেন, সঠিক তথ্য না পাওয়ায় মশার বিস্তার দমন কার্যক্রম ব্যাহত হচ্ছে।” বুধবার (৩১ আগস্ট) রাজধানীর আজিমপুরে একটি পথচারী পারাপার সেতুর উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে এখন পর্যন্ত পূর্ণাঙ্গ তথ্য পাইনি জানিয়ে মেয়র বলেন, আমাদের অনেক কাঠখড় পোড়াতে হয়। অন্যান্য জায়গা থেকে এ তথ্য সংগ্রহ করতে হচ্ছে। আমাদের তো দৈনন্দিন ভিত্তিতে কাজ করতে হয়, সুতরাং সকাল থেকে এ তথ্য না পাওয়ার কারণে আমাদের কার্যক্রম চালাতে ভোগান্তি ও বিলম্ব হয়।

ঢাকা শহরে ডেঙ্গু রোগীর সংখ্যা গত বছরের তুলনায় অর্ধেক উল্লেখ করে তাপস বলেন, ডেঙ্গু রোগীর প্রাদুর্ভাব কমানো ও বিস্তার রোধের জন্য বিশ্বব্যাপী যেটা স্বীকৃত এডিস মশার উৎস কমিয়ে ফেলা বা ধ্বংস, কিন্তু উৎসের তথ্য যদি আমি না পাই, তাহলে ধ্বংস করব কীভাবে। এ জন্য তথ্যটি দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি আবারও স্বাস্থ্য অধিদপ্তরকে বলছি, তারা যেন আমাদের পূর্ণাঙ্গ তথ্য দিয়ে সহায়তা করেন।

মেয়র আরও বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর থেকে বলে আসছি, এটা আন্তমন্ত্রণালয়েরও সিদ্ধান্ত যে স্বাস্থ্য অধিদপ্তরকে আমাদের পূর্ণাঙ্গ তথ্য দিতে হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ২৯ আগস্ট সকাল ৮টা থেকে ৩০ আগস্ট সকাল ৮টা পর্যন্ত মোট ১৯৬ নতুন ডেঙ্গু রোগী ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।


আরও খবর