Logo
শিরোনাম

ওয়ার্নারের রেকর্ডময় দিনে শক্ত অবস্থানে অস্ট্রেলিয়া

প্রকাশিত:মঙ্গলবার ২৭ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ১২৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মেলবোর্নে বক্সি ডে টেস্টের দ্বিতীয় দিনটা পুরোপুরি নিজের করে নিলেন ডেভিড ওয়ার্নার। তার দুর্দান্ত ডাবল সেঞ্চুরিতে চালকের আসনে অস্ট্রেলিয়াও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে দিন শেষে ৩ উইকেট হারিয়ে ৩৮৬ রান করেছে স্বাগতিকরা। যেখানে ১৯৭ রানের লিড দাঁড়িয়েছে।

সমালোচনার জবাবটা দারুণভাবেই দিলেন ওয়ার্নার। বাজে ফর্মের কারণে দীর্ঘদিন রান খরায় থাকা এই অস্ট্রেলিয়ান ওপেনার নিজের শততম টেস্টে ডাবল সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে ওলট-পালট করে দিয়েছেন।

এই বাঁহাতি দ্বিতীয় ও টেস্ট ইতিহাসের দশম ব্যাটার হিসেবে নিজের শততম টেস্টে সেঞ্চুরি করেছেন। এর আগে অস্ট্রেলিয়ার হয়ে এই কীর্তি গড়েছিলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং। তবে শততম টেস্টের দুই ইনিংসেই শতকের কীর্তি আছে একমাত্র পন্টিংয়ের।

ডাবল সেঞ্চুরি করে অবশ্য উদযাপন করতে গিয়ে পা মচকে যায়। ফলে ঠিক ২০০ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছেন। ২৫৪ বল খেলা তার ইনিংসে ছিল ১৬টি চার ও ২টি ছক্কা। ইংল্যান্ডের জো রুটের পর মাত্র দ্বিতীয় ব্যাটার হিসেবে শততম টেস্টে ডাবল সেঞ্চুরি করলেন ওয়ার্নার।

ওয়ার্নারের সবশেষ সেঞ্চুরিটি ছিল ২০২০ সালের জানুয়ারিতে। যেখানে গত ১১ ইনিংসে কোনো ফিফটির দেখাও পাননি। তবে ২৭ ইনিংস পর ডাবল সেঞ্চুরি করে সমালোচনা এখানেই থামিয়ে দিয়েছেন ওয়ার্নার।

এদিকে বিশ্বের মাত্র দ্বিতীয় ব্যাটার হিসেবে শততম ওয়ানডে ও টেস্টে সেঞ্চুরির অনন্য কীর্তি গড়েছেন ওয়ার্নার। এর আগে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি গর্ডন গ্রিনিজের এই অর্জন করেছিলেন।

সেঞ্চুরির পথে অস্ট্রেলিয়ার অষ্টম ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৮০০০ হাজার রানের মাইলফলকও ছুঁয়েছেন ওয়ার্নার। অস্ট্রেলিয়ার অষ্টম ব্যাটসম্যান হিসেবে ছুঁয়েছেন ২৫ সেঞ্চুরির মাইলফলকও।

সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ ১৬১ বলে ৯টি চার ও একটি ছক্কায় ৮৫ রান করে আনরিখ নরকিয়ার বলে মাঠ ছাড়েন। ৪৮ রানে অপরাজিত আছেন ট্রাভিস হেড। ক্যামেরন গ্রিন আঙুলে চোট পেয়ে মাঠ ছাড়েন।

প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা ও নরকিয়া ১টি করে উইকেট দখল করেন।


আরও খবর