
রাজধানীর যাত্রাবাড়ী
সাদ্দাম মার্কেট এলাকায় যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেল আরোহী হাবিবা ইসলাম মিথিলা
(১৭) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। মিথিলা সাইনবোর্ড তামিরুল মিল্লাত মাদ্রাসায়
নবম শ্রেণিতে পড়ত।
আজ বৃহস্পতিবার
(২৮ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। পরে আহত অবস্থায় যাত্রাবাড়ী থানা-পুলিশ
তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক বেলা
২টার দিকে মিথিলাকে মৃত ঘোষণা করেন।
মিথিলার বন্ধু
মোটরসাইকেল চালক মো. শরিফুল ইসলাম জানান, মিথিলা সাইনবোর্ড তামিরুল মিল্লাত মাদ্রাসায়
নবম শ্রেণিতে পড়ত। যাত্রাবাড়ী শেখপাড়া এলাকায় পরিবারের সঙ্গে থাকত। তাঁর বাবার নাম
মোহাম্মদ আলী। গ্রামের বাড়ি চাঁদপুর। এক ভাই এক বোনের মধ্যে মিথিলা ছিল বড়।
শরিফুল আরও জানান,
সে মিরপুর এলাকায় থাকে। মিথিলার সঙ্গে তার এক বছর ধরে প্রমের সম্পর্ক। আজ সে নিজের
কাজে মোটরসাইকেল নিয়ে নারায়ণগঞ্জের চাষাড়ায় যায়। সেখান থেকে ফেরার পথে সাইনবোর্ডের
মাদ্রাসা থেকে মিথিলাকে নিয়ে যাত্রাবাড়ী মিথিলাদের বাসায় যাচ্ছিল।
যাত্রাবাড়ী থানার
উপপরিদর্শক (এসআই) মো. আরিফুর রহমান জানান, যাত্রাবাড়ী সাদ্দাম মার্কেট এলাকায় শিতল
পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা মিথিলা রাস্তায়
পড়ে যায়। তখন বাসটি তাঁকে চাপা দেয়। পরে দ্রুত তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে
গেলে মারা যায়। ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়েছে।

