Logo
শিরোনাম

যুক্তরাজ্যে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় রেল ধর্মঘট

প্রকাশিত:বুধবার ২২ জুন ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৯ অক্টোবর ২০২৩ | ৯৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বেতন-ভাতা ও চাকরিবিধি নিয়ে বিরোধের জেরে ব্রিটেনে হাজার হাজার রেলকর্মী চাকরি ছেড়ে দিয়েছেন। মঙ্গলবার (২১ জুন) থেকে দেশটিতে শুরু হয়েছে তিন দিনের রেল ধর্মঘট। এই রেল ধর্মঘটকে বলা হচ্ছে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় রেল ধর্মঘট। এই ধর্মঘটে ৪০ হাজারেরও বেশি রেলকর্মী অংশ নিয়েছেন। আগামী বৃহস্পতি ও শনিবারেও ধর্মঘট চলবে। এদিকে ধর্মঘটের কারণে লন্ডন আন্ডারগ্রাউন্ড মেট্রো নেটওয়ার্কও বন্ধ রয়েছে। রেল ধর্মঘটের অর্থ হলো ধর্মঘটের দিনগুলোতে ব্রিটেনের প্রায় অর্ধেক রেল নেটওয়ার্ক খোলা থাকবে এবং সেই নেটওয়ার্কগুলোতে খুব সীমিত পরিসরে রেলসেবা দেওয়া হবে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, করোনা মহামারির ক্ষয়ক্ষতি থেকে বের হয়ে আসার চেষ্টা করছি। এর মধ্যে এ ধরনের ধর্মঘট আমাদের অর্থনীতির ক্ষতি ডেকে আনবে। ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে। ইউনিয়নগুলো বিক্ষোভকারীদের সাহায্য করে মূলত তাদের ক্ষতিই করছে।

শ্রমিক ইউনিয়নগুলো বলেছে, জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় মূল্যস্ফীতি ১০ শতাংশে ঠেকেছে। এতে ব্রিটেনজুড়ে অসন্তোষ বাড়ছে। এই গ্রীষ্ম হবে অসন্তোষের গ্রীষ্ম। রেল ধর্মঘটের মাধ্যমে এই অসন্তোষের শুরু। এরপর শিক্ষক, চিকিৎসক, পরিচ্ছন্নতাকর্মী এমনকি আইনজীবীরাও ধর্মঘট শুরু করবেন। রেল, নৌ ও পরিবহন শ্রমিকদের সংগঠন আরএমটির সেক্রেটারি জেনারেল মিক লিঞ্চ সোমবার সাংবাদিকদের বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের ধর্মঘট চলবে।

সংকট সমাধানের জন্য সরকার এখনো বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসেনি। এ জন্য বিরোধীদলীয় আইনপ্রণেতারা সরকারের সমালোচনা করেছেন। বর্তমান ধর্মঘটকে সত্তরের দশকের ধর্মঘটের সঙ্গে তুলনা করা হচ্ছে। ব্রিটেনে ১৯৭৮-৮৯ সালের দিকে ব্যাপক শ্রমিক ধর্মঘট হয়েছিল। সেই ধর্মঘটকে অসন্তোষের শীত বলা হয়েছিল। ধর্মঘটের দিনেও যাতে ট্রেন চালু থাকে, সে ব্যাপারে পদক্ষেপ নিতে প্রয়োজনে আইন পরিবর্তন করা হবে। যাঁরা চাকরি ছেড়ে দিয়েছেন, তাঁদের স্থলে অস্থায়ী ভিত্তিতে নতুন কর্মী নিয়োগ দেওয়া হবে। ভবিষ্যতে এ ধরনের ধর্মঘট যাতে কম ক্ষতিকর হয়, সে ব্যাপারে আমরা পদক্ষেপ নিতে যাচ্ছি।

এদিকে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ধর্মঘটের কারণে স্কটল্যান্ড, ওয়েলস, কর্নওয়াল, ডরসেট, চেস্টার, হাল, লিংকন, ওরচেস্টারসহ ব্রিটেনের বেশির ভাগ জায়গায় মঙ্গলবার সারা দিন কোনো যাত্রীবাহী ট্রেন চলবে না।

নিউজ ট্যাগ: রেল ধর্মঘট

আরও খবর