Logo
শিরোনাম

২০ জনের তালিকা করেছে সার্চ কমিটি

প্রকাশিত:শনিবার ১৯ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ১৯৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটিতে জমা পড়া ৩২২ জনের নামের তালিকা থেকে ২০ জনকে বাছাই করা হয়েছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত সার্চ কমিটির পঞ্চম বৈঠকে সদস্যদের সর্বসম্মতিক্রমে ২০ জনের সংক্ষিপ্ত তালিকা করার এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিন বেলা সোয়া ১১টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত চলা এ বৈঠকে সভাপতিত্ব করেন সার্চ কমিটির সভাপতি আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।

বৈঠক শেষে সার্চ কমিটির বৈঠকে গৃহীত এ সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) শামসুল আরেফীন।

তিনি বলেন, আজকের বৈঠকে সার্চ কমিটির সদস্যরা সর্বসম্মতিক্রমে ৩২২ জনের তালিকা থেকে ২০ জনকে বাছাই করেছেন। তালিকা চূড়ান্ত করতে আগামীতে আরও একাধিক বৈঠক করবে কমিটি। এরপর চূড়ান্ত তালিকা করে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করা হবে।

এদিকে, আগামীকাল রোববার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে ষষ্ঠ বৈঠক করবেন সার্চ কমিটির সদস্যরা।

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২ অনুসারে নির্বাচন কমিশন গঠনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে গত ৫ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

আইন অনুযায়ী কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য ১০ জনের নামের তালিকা সুপারিশ করতে হবে।

নিউজ ট্যাগ: নির্বাচন কমিশন

আরও খবর