
সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত
হয়ে আরও ২৯ জন ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে নতুন করে ডেঙ্গুতে
কারও মৃত্যু হয়নি। আক্রান্তদের মধ্যে ২৫ জনই ঢাকার বাইরের বাসিন্দা।
সোমবার (৩ জানুয়ারি) সারাদেশের পরিস্থিতি
নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত
ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালে ভর্তি
হওয়াদের অধিকাংশই ঢাকার বাইরের জেলার বাসিন্দা। এর মধ্যে চারজন রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি
হাসপাতালে এবং ২৫ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি
ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬২ জনে। ঢাকার
৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৩০ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে
ভর্তি আছেন ৩২ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ জানুয়ারি
পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ৪৪ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল
ছেড়েছেন ১৮ জন। তবে, এই বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।

