
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ থেকে আরটি-পিসিআর মেশিনে করোনা টেস্ট করাতে পারবেন বিদেশগামী যাত্রীরা।
যাত্রীদের করোনা টেস্ট করাতে ইতোমধ্যে বিমানবন্দরে ছয়টি ল্যাবে বসানো হয়েছে ১২টি মেশিন। এই ল্যাবে প্রতি ২৪ ঘণ্টায় ৩ থেকে সাড়ে ৩ হাজার নমুনা পরীক্ষা করা যাবে।
বিমানবন্দরে ল্যাব স্থাপনে অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো: স্টেমজ হেলথ কেয়ার (বিডি) লিমিটেড, সিএসবিএফ হেলথ সেন্টার, এএমজেড হাসপাতাল লিমিটেড, আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতাল, জয়নুল হক সিকদার ওমেন্স মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল, গুলশান ক্লিনিক লিমিটেড ও ডিএমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক।
গত বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামী যাত্রীদের পরীক্ষামূলক করোনাভাইরাসের পরীক্ষা শুরু হয়। প্রথম দিনে বিমানবন্দরে স্থাপিত পরীক্ষাগারে পরীক্ষা করে ৪৬ জন যাত্রী সংযুক্ত আরব-আমিরাতে যান। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান এই তথ্য নিশ্চিত করেন।
এদিকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ শুক্রবার বিমানবন্দর পরিদর্শন শেষে জানান, বিদেশগামীদের সেবা দিতে শনিবার থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রস্তুত থাকবে কোভিড-১৯ পরীক্ষায় সব ল্যাব। দ্রুত অবকাঠামো বসানোর কাজ চলছে বলে জানান ল্যাব প্রতিনিধিরা। স্বল্প সময়ে বেশি সংখ্যক যাত্রীর করোনা পরীক্ষা করতে এরই মধ্যে বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালের ভেতরে বসানো হয়েছে ছয়টি প্রতিষ্ঠানের ল্যাবরেটরি।
গত বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামী যাত্রীদের পরীক্ষামূলক করোনাভাইরাসের নমুনা পরীক্ষা শুরু হয়। প্রথম দিনে বিমানবন্দরে স্থাপিত পরীক্ষাগারে পরীক্ষা করে ৪৬ জন যাত্রী সংযুক্ত আরব-আমিরাতে যান।
