
বাংলাদেশ ও ভারতের মধ্যে আজ রবিবার থেকে ফ্লাইট চালু হচ্ছে। এর আগে এয়ার বাবল চুক্তির আওতায় তিন দফায় বাংলাদেশের সংগে ভারতের ফ্লাইট চলাচলের তারিখ পেছানো হয়।
ইউএস বাংলা'র মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম জানান, রবিবার সকাল ১০টায় একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দর থেকে ১৩৫ জন যাত্রী নিয়ে চেন্নাইয়ের উদ্দেশ্যে ছেড়ে গেছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মাফিদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সব ধরনের যাত্রীর ভ্রমণের ৭২ ঘণ্টা আগে করোনা পরীক্ষা সরকারি কেন্দ্র থেকে সম্পন্ন করতে হবে। দুই দেশের নিয়ম অনুযায়ী যাত্রীরা কোয়ারেন্টিনে থাকবেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, ৫ সেপ্টেম্বর ঢাকা-কলকাতা রুটে বিমানের প্রথম ফ্লাইট যাবে। করোনা মহামারির মধ্যে গত বছরের অক্টোবরে ভারতের সংগে 'এয়ার বাবল' চুক্তির আওতায় বিমান চলাচল শুরু হয়েছিলো। করোনা মহামারিতে ভারত বিপর্যস্ত হয়ে পড়লে চলতি বছরের এপ্রিলে বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়। দুই দেশের করোনা পরিস্থিতির উন্নতি হলে ৪ সেপ্টেম্বর ভারতীয় কর্তৃপক্ষকে চিঠি দেয় বেবিচক।
এর আগে গত ২৮ আগস্ট বেবিচককে ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক চিঠিতে ৩ সেপ্টেম্বর থেকে ফ্লাইট চালুর প্রস্তাব দেওয়া হয়। প্রস্তুতির অভাবে সেই দিন ফ্লাইট চলাচল শুরু করতে পারেনি বাংলাদেশ। ২ সেপ্টেম্বর বাংলাদেশ দেশটিকে চিঠি পাঠায়।
প্রায় চার মাস পর বেবিচক ৫ সেপ্টেম্বর থেকে ভারতের সংগে ফ্লাইট চলাচলের ঘোষণা দিলো।

