
মাদারীপুরে বদ্ধ ঘরে আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যুর কথা জানিয়েছে পুলিশ। আজ সোমবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উত্তর ঝিকরহাটি এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত দুই শিশুর আনুমানিক বয়স এক বছর ও দুই বছর। এ ঘটনার পর থেকে শিশুদের মা ও নানি পলাতক।
মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, উত্তর ঝিকরহাটি এলাকায় দুই শিশুর পরিবার ভাড়া থাকে। স্থানীয়রা জানান, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ হতো। কিছুদিন আগে শিশুদের বাবা কোনো এক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।
স্থানীয়দের বরাতে ওসি জানান, সোমবার সকালে শিশুদের মা ও নানি তাদের ঘরে রেখে দরজায় ছিটকিনি দিয়ে প্রতিবেশীর বাড়িতে যান। এরপর প্রতিবেশীরা ঘরের চালা দিয়ে ধোঁয়া উঠতে দেখেন। তারা দরজা খুলে দুই শিশুর মরদেহ দগ্ধ অবস্থায় পান।
ওসি বলেন, ‘বাইরে থেকে কোনো আগুন লাগেনি। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। এ ঘটনার পর থেকে শিশুদের মা ও নানিকে খুঁজে পাওয়া যাচ্ছে না।’

