
কর্ণফুলী নদীর
তলদেশে নির্মাণাধীন স্বপ্নের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নির্মাণকাজ প্রায়
৯৬ শতাংশ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন টানেলের প্রকল্প পরিচালক মো. হারুনুর রশিদ। সংবাদ
সংস্থা বাসস এ কথা জানিয়েছেন তিনি।
হারুনুর রশিদ
বলেন, ‘কর্ণফুলী নদীর তলদেশে টানেলের নির্মাণকাজ ৯৬ শতাংশ শেষ হয়েছে। যান্ত্রিক
স্থাপনার কাজ এখনও চলছে। এরই মধ্যে অ্যাপ্রোচ রোড নির্মাণের কাজও শেষ হয়েছে। ক্রস প্যাসেজ
ও টানেল সম্পর্কিত টোল প্লাজার নির্মাণকাজও প্রায় শেষের দিকে রয়েছে।’
তিনি আরও বলেন,
‘টানেলের
যান্ত্রিক, বৈদ্যুতিক ও সিভিল ওয়ার্ক চলছে এবং অন্য আনুষঙ্গিক কাজও শেষ পর্যায়ে রয়েছে।
টানেলের নির্মাণকাজ নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে।’
বঙ্গবন্ধু টানেল
১০ হাজার ৩৭৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে। বাংলাদেশ ও চীন সরকারের যৌথ অর্থায়নে
টানেল প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। চীনের এক্সিম ব্যাংক ৫ হাজার ৯১৩ কোটি টাকা ঋণ দিচ্ছে
এবং বাকি অর্থ দিচ্ছে বাংলাদেশ সরকার। চীনের এক্সিম ব্যাংক দুই শতাংশ হারে সুদে এই
ঋণ দিয়েছে ।
নদীর নিচ দিয়ে
এই ধরনের টানেল দক্ষিণ এশিয়ায় এটাই প্রথম। প্রকল্পের বাকি ৪ শতাংশ কাজ শেষ করতে ব্যাপক
প্রচেষ্টা অব্যাহত রয়েছে। প্রকল্পে শ্রমিকদের পাশাপাশি দেশি-বিদেশি প্রকৌশলীরা সম্পৃক্ত
রয়েছেন।

