
আগামী ১ ফেব্রুয়ারী
বিএনপির ছেড়ে দেওয়া ৬ সংসদ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষ্যে
নির্বাচনি এলাকায় ৭২ ঘণ্টার জন্য মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন
কমিশন (ইসি)।তবে সাংবাদিক, পর্যবেক্ষক, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ভোটগ্রহণ কর্মকর্তা-কর্মচারিদের
ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
নির্বাচন কমিশনের
(ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, এ সংক্রান্ত
নির্দেশনা ইতিমধ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। জেলা প্রশাসকের মাধ্যমে
নির্দেশনাটি তারা বাস্তবায়ন করবে।
নির্দেশনায় বলা
হয়েছে,উপর্যুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে, জাতীয় সংসদের ৫ ঠাকুরগাঁও-৩,৩৯ বগুড়া-৪,
৪১ বগুড়া-৬, ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২, ৪ চাঁপাইনবাবগঞ্জ-৩ এবং ২৪৪ ব্রাহ্মণবাড়িয়া-২
শূন্য আসনে নির্বাচন তফসিল অনুসারে ০১ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ বুধবার ভোটগ্রহণ অনুষ্ঠিত
হবে। ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিবসের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ৩১ জানুয়ারি ২০২৩
তারিখ দিবাগত মধ্যরাত ১২:০০ টা হতে ০১ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ দিবাগত মধ্যরাত ১২:০০
টা পর্যন্ত নিম্নোক্ত যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করার জন্য সিদ্ধান্ত গৃহীত
হয়েছে।
সেই সাথে ৩০ জানুয়ারি
২০২৩ তারিখ দিবাগত মধ্যরাত ১২:০০ টা হতে ০২ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ মধ্যরাত পর্যন্ত
মোটর সাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। উপরোল্লিখিত নিষেধাজ্ঞা রিটার্নিং
অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী/তাঁদের নির্বাচনি এজেন্ট, দেশি/বিদেশি
পর্যবেক্ষকদের (পরিচাপত্র থাকতে হবে) ক্ষেত্রে শিথিলযোগ্য হবে।
তাছাড়া নির্বাচনের
সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি/বিদেশি সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনের
কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের
বৈধ পরিদর্শক এবং কতিপয় জরুরি কাজ যেমন-এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস,
ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য উল্লিখিত যানবাহন চলাচলের ক্ষেত্রে
উক্ত নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এতদ্ব্যতীত জাতীয় মহাসড়ক (Highways), বন্দর ও জরুরি
পণ্য সরবরাহসহ অন্যান্য জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এরুপ নিষেধাজ্ঞা শিথিলের
বিষয়ে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।

