
রাজধানীসহ সারাদেশে
এডিস মশাবাহিত ডেঙ্গুর সংক্রমণ ছড়িয়ে পড়েছে। শুধু সংক্রমণই নয়, এ রোগে আক্রান্ত হয়ে
মৃত্যুও বাড়ছে। চলতি মাসের প্রথম ১০ দিনেই (১০ আগস্ট পর্যন্ত) রেকর্ড দুই হাজার ৩২১
জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে যেখানে শুধু জুলাই মাসেই হাসপাতালে
ভর্তি হন দুই হাজার ২৮৬ জন।
এখন পর্যন্ত ডেঙ্গুতে
আক্রান্ত হয়ে মোট ১৮ জনের মৃত্যু হয়েছে। তবে সরকারিভাবে এখনও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে
মৃত্যুর ঘোষণা আসেনি। ১৮ জনের ডেঙ্গু সন্দেহে মৃত্যু হয়েছে উল্লেখ করে মৃত্যুগুলো পর্যালোচনার
জন্য স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর)
পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর ঢাকা শিশু হাসপাতালে চারজন, ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চারজন, স্কয়ার হাসপাতালে ছয়জন, ইউনাইটেড হাসপাতালে একজন ও বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে একজন মারা যান। ঢাকার বাইরে চট্টগ্রাম বিভাগে দুজনের মৃত্যু হয়।

