
ঝিনাইদহের আঠারো মাইল নামক স্থানে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা লেগে
মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৭ অক্টোবর) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা
ঘটে।
এ ঘটনায় নিহতরা হলেন- ওই কলেজের ভিপি মুরাদ হোসেন (২৫), একই কলেজের
সহপাঠী তৌহিদুল ইসলাম (২৩) ও সমরেশ কুমার (২২)। নিহত মুরাদের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার
নারকেলবাড়িয়া এলাকায় এবং তৌহিদুলের বাড়ি চুয়াডাঙ্গা জেলায়।
জানা গেছে, ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষের সময় তাঁরা প্রতিপক্ষের
ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা
লাগে।
ঝিনাইদহ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক
শামিমুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে উদ্ধার কাজ
করে। ঝিনাইদহ-চুয়াডাঙ্গার সড়কের আঠারো মাইল নামক স্থানে রাস্তার পাশে বিদ্যুতের একটি
পিলারবাহী ট্রাক দাঁড়িয়ে ছিল। মোটরসাইকেলটি ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের
মৃত্যু হয়।
ঘটনার ব্যাপারে জানতে চাইলে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) শেখ সোহেল রানা বলেন, ‘শহরের জোহান পার্ক এলাকায় ছাত্রলীগের দুই গ্রুপে মারামারি হয়। এ
সময় ভেটেরিনারি কলেজের এক শিক্ষার্থীকে কুপিয়ে আহত করা হয়। ওই তিনজন বাইকে করে পালানোর
চেষ্টা করলে তাদের ধাওয়া করে প্রতিপক্ষ। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে
থাকা ট্রাকে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারায়। তারা সবাই ভেটেরিনারি
কলেজের শিক্ষার্থী।’

