
এডিস মশাবাহিত ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দিন দিন বাড়ছে। সারা দেশে সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এসময় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও ৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া দুইজনের মধ্যে একজন মারা গেছে সরকারি মিটফোর্ড হাসপাতালে এবং আরেকজন মারা গেছেন ধানমন্ডির বেসরকারি সেন্ট্রাল হাসপাতালে। এছাড়া নতুন ডেঙ্গু রোগীর মধ্যে ৩৮ জন ঢাকা বিভাগের। এ সময় ঢাকার বাইরে ১৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
বর্তমানে ঢাকার ৪৭টি সরকরি ও বেসরকারি হাসপাতালে ১৭০ জন ভর্তি আছেন এবং ঢাকার বাইরে ভর্তি আছেন ৫৪ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, বছরের শুরু থেকে এখন পর্যন্ত ১ হাজার ৮৪০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। অন্যদিকে, চিকিৎসা শেষে ১ হাজার ৬১১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।
এছাড়া, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে।
তবে গতবছর দেশে ডেঙ্গুর ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দেয় এবং সরকারি পরিসংখ্যান অনুসারে মশাবাহিত এ রোগে তখন ১০৫ জন মারা যান।
গত কয়েক বছরের তুলনায় এ বছর ডেঙ্গু ভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কার বিষয়ে আগেই সিটি করপোরেশনকে সতর্ক করে দেন বিশেষজ্ঞরা। এডিস মশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশনগুলোকে অবিলম্বে ব্যবস্থা নেয়ার পরামর্শও দেন তারা।

