
বর্তমানে দেশে
মোবাইল ফোনের গ্রাহক সংখ্যা ১৮ কোটি ৪০ লাখ এক হাজার বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ
ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। বুধবার (৩১ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশনে
আওয়ামী লীগের সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদের এক প্রশ্নের উত্তরে মোস্তাফা জব্বার
এ তথ্য জানান।
এ অধিবেশনে স্পিকার
ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্ব করেন। বুধবারের প্রশ্ন উত্তর টেবিলে উত্থাপন করা
হয়।
ডাক, টেলিযোগাযোগ
ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী জানান, বর্তমানে দেশে চারটি মোবাইল কোম্পানির গ্রাহক রয়েছে।
এর মধ্যে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা ৮ কোটি ৪০ লাখ, সিমের সংখ্যা ১১ কোটি ১৪ লাখ,
রবি আজিয়াটার গ্রাহক সংখ্যা ৫ কোটি ৪৮ লাখ, সিমের সংখ্যা ১০ কোটি ২৬ লাখ, বাংলালিংক
ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের গ্রাহক সংখ্যা ৩ কোটি ৮৫ লাখ, সিমের সংখ্যা ৮ কোটি ২৬
লাখ আর টেলিটক বাংলাদেশ লিমিটেডের গ্রাহক সংখ্যা ৬৭ লাখ এক হাজার, সিমের সংখ্যা ১ কোটি
৩৩ লাখ।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী গ্রাহক সংখ্যা বলতে জানিয়েছেন, বায়োমেট্রিক ভেরিফাইড সাবস্ক্রিপশন বুঝানো হয়েছে যারা গত তিন মাসে অন্তত একবার উক্ত মোবাইল নেটওয়ার্কে সক্রিয় ছিলেন। বর্তমান মোবাইল কোম্পানিগুলোতে যে কলরেট প্রচলিত রয়েছে তা ২০১৮ সালের মার্কেট পর্যালোচনা, আর্থ সামাজিক প্রেক্ষাপট প্রভৃতি বিশ্লেষণ করে নির্ধারণ করা। তবে মোইলের কলরেট পুনঃনির্ধারণের বিষয়ে কোনো পরিকল্পনা নেই বলে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী জানান।

