
মুক্তিযুদ্ধের চেতনায় বলীয়ান হয়ে দেশের সেবায় সবসময় নিজেদের প্রস্তুত রাখতে নৌবাহিনীর নবীন ক্যাডেটদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর মিডশিপম্যান-২০১৯ আলফা এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার ২০২১ ব্রাভো ব্যাচ এর রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে যুক্ত ছিলেন। এসময় দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, নবীন নৌ কর্মকর্তাদের
সততা ও সঠিক নেতৃত্বে সেনা এবং বিমান বাহিনীর সদস্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ
করতে হবে।
সরকার প্রধান আরও বলেন, বাংলাদেশ নৌবাহিনী
আজ শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও অত্যন্ত সুশৃঙ্খল, দক্ষ ও পেশাদার বাহিনী
হিসেবে মর্যাদা লাভ করেছে, যা বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিও অত্যন্ত উজ্জ্বল করেছে।
এ সময় করোনায় নৌবাহিনীসহ সশস্ত্র বাহিনী
অত্যন্ত আন্তরিকতার সঙ্গে মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

