Logo
শিরোনাম
সমুদ্রে বালু ফেলে

দুবলার চর বড় করার সম্ভাব্যতা যাচাই করতে মন্ত্রণালয়কে সুপারিশ

প্রকাশিত:বৃহস্পতিবার ১১ মার্চ ২০২১ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ১৯০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বালু ফেলে সমুদ্র ভরাট করে সুন্দরবনের বিচ্ছিন্ন দ্বীপ দুবলার চর আরো সম্প্রসারণ করা যায় কিনা তার সম্ভাব্যতা যাচাই করতে নৌ-পরিবহন মন্ত্রণালয়কে সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি। মোংলা ও পায়রা বন্দরের অনুকূল সম্ভাবনা নিয়ে আলোচনার করতে গিয়ে এ পরামর্শ দেন তারা। একই সঙ্গে এ দুটি বন্দরের কী কী সম্ভাবনা আছে তা গভীরভাবে পর্যবেক্ষণ করে একটি পরিকল্পনা তৈরিরও পরামর্শ দেয়া হয়।

বৃহস্পতিবার (১১ মার্চ) একাদশ জাতীয় সংসদের নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২৯তম বৈঠকে এসব আলোচনা করা হয়। সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত এ সভায় কমিটির স্থায়ী সদস্য শাজাহান খান, মোঃ মজাহারুল হক প্রধান, রনজিত কুমার রায়, মোঃ আছলাম হোসেন সওদাগর এবং এস এম শাহজাদা অংশগ্রহণ করেন। বৈঠক শেষে এ তথ্য নিশ্চিত করেছে সংসদ সচিবালয়।

বৈঠকে দুর্যোগকালীন সময়ের জন্য বন্দরগুলোর চাহিদার আলোকে বিশ্লেষণ করে হোভারক্রাফট ক্রয়ের সুপারিশ করা হয়। এছাড়া চট্টগ্রাম ও পায়রা বন্দরের আশেপাশে লোকালয়ে থাকায় বিস্ফোরক উপাদানগুলো রাবনাবাদ চ্যানেলের আশেপাশের কোনো চরে সংরক্ষণের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়।

একইসঙ্গে, গঠনে ভিন্নতা থাকলেও বিশেষ চাহিদা অনুযায়ী চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দরের মৌলিক গঠন, নীতিমালা ও সুযোগ সুবিধা একই ধরণের রাখার জন্যও সুপারিশ করা হয়। এ সময় নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন সংস্থা প্রধানরাসহ নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আরও খবর