
‘দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু
হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২। মঙ্গলবার (১৫ নভেম্বর) দিনটি উপলক্ষে
সকালে রাজধানীর মিরপুরে সংস্থাটির ট্রেনিং কমপ্লেক্সে অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী
শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।
অগ্নিনির্বাপণ
ও নানা দুর্যোগে দায়িত্ব পালন করা সংস্থাটি বুধবার পর্যন্ত তিন দিনের ‘ফায়ার সপ্তাহ-২০২২’ ঘোষণা করেছে। এ সময় ঢাকায় কেন্দ্রীয়ভাবে
নানা অনুষ্ঠান ছাড়াও দেশের প্রতিটি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে ফায়ার স্টেশনে সচেতনতামূলক
নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সেবা সপ্তাহ
উপলক্ষে গত এক বছরে সাহসিকতাপূর্ণ ও সেবামূলক ভালো কাজের জন্য ফায়ার সার্ভিসের সদস্যদের
পদক দেওয়া হয়। ফায়ার সার্ভিসের ট্রেনিং কমপ্লেক্সে উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী
আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি বেনজীর
আহমেদ ও মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী বিশেষ
অতিথির বক্তব্য দেন। অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো.
মাইন উদ্দিন স্বাগত বক্তব্য দেন।

