Logo
শিরোনাম

ইসি গঠনের জন্য ৫ জনের নাম প্রস্তাব করলেন ডা. জাফরুল্লাহ

প্রকাশিত:বুধবার ০৯ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:শনিবার ১৮ নভেম্বর ২০২৩ | ১৭১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নির্বাচন কমিশনার নিয়োগের জন্য পাঁচজনের নাম প্রস্তাব করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। সাবেক নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন, বদিউল আলম মজুমদার, সুলতানা কামালসহ পাঁচজনের নাম প্রস্তাব করেন তিনি।

আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত ঐতিহাসিক কাগমারী সম্মেলন দিবস উপলক্ষে এক আলোচনাসভায় তিনি এ প্রস্তাব করেন।

এ সময় ডা. জাফরুল্লাহ বলেন, যদি প্রকৃত নির্বাচন করতে হয়, গণতন্ত্র ফেরত দিতে হয়, জনগণকে ভোটের অধিকার ফেরত দিতে হয় তাহলে শক্তিশালী নির্বাচন কমিশন দরকার।

তবে বর্তমান আইনে সেই ব্যবস্থা নেই। এমন অবস্থায় অনেক রাজনৈতিক দলই সার্চ কমিটির কাছে নাম প্রস্তাব করেনি। তবে কয়েকটা নাম আপনারা বিবেচনায় আনতে পারেন। '

সাখাওয়াত হোসেন আগে নির্বাচন কমিশনার ছিলেন, তাঁকে প্রধান নির্বাচন কমিশনার করা হলে তিনি পথঘাট চেনেন উল্লেখ করে তিনি বলেন, সাখাওয়াত হোসেন শক্তভাবে কাজগুলো করতে পারবেন। তাঁর সঙ্গে সাবেক সেনা কর্মকর্তা ইকবাল করিম ভূঁইয়া, তিনি আজিজ নন, সজ্জন ব্যক্তি হিসেবে তাঁর সুনাম আছে। বদিউল আলম মজুমদার ও বিচারপতি নাজমুন আরা, সুলতানা কামালের মতো সত্যিকারে সজ্জন ও সাহসী লোকজনদের কমিশনে‌ আনলে কমিশন কিছুটা বিতর্কমুক্ত থাকবে।

সার্চ কমিটিতে যাঁদের নাম এসেছে তাঁরা নিজেদের সম্পদের হিসাব দেননি। তাঁদের ওপরে মানুষের আস্থা থাকবে কী করে, এমন প্রশ্ন তোলেন ডা. জাফরুল্লাহ।

আলোচনাসভায় আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির (কাজী জাফর) সভাপতি ও ৬৯ ছাত্র ইউনিয়নের সভাপতি মোস্তফা জামাল হায়দার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণ-অধিকার পরিষদের সদস্যসচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, ভাসানী অনুসারী পরিষদের প্রেসিডিয়াম সদস্য ও মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রেসিডিয়াম সদস্য বিনাসাকী জামালী, মুক্তিযোদ্ধা আক্তার হোসেন প্রমুখ।


আরও খবর