
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, জলবায়ু কার্যক্রম ও সবুজ পরিবর্তনের জন্য তহবিল ও প্রযুক্তি গতিশীল করতে বৈশ্বিক অংশীদারিত্বের প্রয়োজন রয়েছে।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) জার্মানিতে শুরু হওয়া ‘৫৮তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে’ জলবায়ু সংকট মোকাবিলায় এক প্যানেল আলোচনায় তিনি এসব কথা বলেন। এই সম্মেলন চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত।
সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ড. মোমেন ইউক্রেন পরিস্থিতিসহ ভূরাজনৈতিক উত্তেজনার কারণে জলবায়ু অর্থায়নের জন্য আন্তর্জাতিক অঙ্গীকার প্রভাবিত হতে পারে কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন।
এরপর ড. মোমেন ২১ ফেব্রুয়ারি প্যারিসের উদ্দেশে মিউনিক ত্যাগ করবেন এবং আগামী ২২ ফেব্রুয়ারি সেখানে অনুষ্ঠিতব্য প্যাসিফিক সহযোগিতা বিষয়ক মন্ত্রীপর্যায়ের ফোরাম বৈঠকে যোগ দেবেন।
ইউরোপীয় কাউন্সিলের সভাপতি হিসেবে এই বৈঠকের স্বাগতিক দেশ ফ্রান্স। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক ও নিরাপত্তা নীতিসংক্রান্ত উচ্চপর্যায়ের প্রতিনিধি ছাড়াও এই বৈঠকে যোগ দিতে ৩০টি ইন্দো-প্যাসিফিক দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। এ সম্মেলন ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

