
ময়মনসিংহ সদর
উপজেলার চরাঞ্চলে জমিসংক্রান্ত বিরোধের জেরে জয়নুদ্দিন (৭৫) নামে বৃদ্ধ বাবাকে কুপিয়ে
হত্যার অভিযোগ উঠেছে ছেলে আ. মতিনের বিরুদ্ধে। মঙ্গলবার সকাল ৭টার দিকে সদর উপজেলার
পরানগঞ্জ ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই আ. মতিন পলাতক রয়েছে।
স্থানীয় সূত্রে
জানা যায়, নিহত জয়নুদ্দিনের দুই স্ত্রী। কিছুদিন আগে জয়নুদ্দিন তার প্রথম স্ত্রীর সন্তান
আ. মতিন ও দ্বিতীয় স্ত্রীর সন্তান শাকিবকে তিন কাঠা করে জমি ভাগ করে দেন। জমির দাগ
নম্বর ভুল হওয়ায় এ নিয়ে ছেলে আ. মতিনের সঙ্গে বিরোধ চলছিল তার। মঙ্গলবার সকালে জয়নুদ্দিন
বাড়ির সামনে ধানক্ষেতে পানি দেওয়ার সময় আ. মতিন পেছন থেকে দা দিয়ে কুপিয়ে জয়নুদ্দিনকে
হত্যা করে পালিয়ে যায়।
এ বিষয়ে কোতোয়ালি
থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ
মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুত্র আ. মতিন পেশায় মোটরসাইকেল চালক। ঘটনার
পর থেকে সে পলাতক রয়েছে।

