
করোনায় আক্রান্ত বা করোনার লক্ষণযুক্ত ব্যক্তির আইসোলেশন নিশ্চিত করতে হবে। করোনায় আক্রান্ত ব্যক্তির ঘনিষ্ঠ সংস্পর্শে আসা অন্যান্যদেরও কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে
করোনাভাইরাসের সংক্রমণ রোধে জরুরি সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বা প্রতিষ্ঠান ও শিল্প কারখানাগুলোকে ৫০ ভাগ জনবল দ্বারা পরিচালনার নির্দেশ দিয়েছে সরকার। এছাড়া গর্ভবতী, অসুস্থ এবং ৫৫ বছরের বেশি বয়সী কর্মকর্তা-কর্মচারীর বাড়িতে অবস্থান করে কাজ করার ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয়েছে।
সোমবার (২৯ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে করোনা প্রতিরোধে মোট ১৮ দফা নির্দেশনা জারি করা হয়। সেখানে এ কথা বলা হয়েছে।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও বলা হয়, কর্মক্ষেত্রে প্রবেশ এবং অবস্থানকালীন সর্বদা বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়, করোনায় আক্রান্ত বা করোনার লক্ষণযুক্ত ব্যক্তির আইসোলেশন নিশ্চিত করতে হবে। করোনায় আক্রান্ত ব্যক্তির ঘনিষ্ঠ সংস্পর্শে আসা অন্যান্যদেরও কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে।
গত বছর দেশে প্রথম দফার করোনা সংক্রমণ শুরু হলে সাধারণ ছুটি ঘোষণা করাসহ নানান ধরনের বিধিনিষেধ আরোপ করে সরকার। তবে এবার সংক্রমণ বাড়ায় সাধারণ ছুটি বা লকডাউন ঘোষণা করা না হলেও বেশ কিছু বিশেষ নির্দেশনা জারি করল সরকার।

