
পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান বলেছেন, ডিজেলের দাম বাড়ায় ধর্মঘট করে হরতাল করে বেশি একটা উপকার হবে না। ধর্মঘট এর সমাধান না। এক জায়গায় বসে ঠান্ডা মাথায় এটি সমাধানের চিন্তা করতে হবে।
তিনি আরও বলেন, সরকার ডিজেলের দাম বাড়ার বিষয়ে চিন্তা ভাবনা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বাইরে থেকেও সব খোঁজখবর রাখছেন। আমরা চেষ্টা করবো যাতে ব্যথাটা কমে। তবে সবার মত প্রকাশ করার অধিকার আছে।
শনিবার দুপুরে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে ৫০তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, ডিজেলের দাম বেড়ে যাওয়া আসলেই চিন্তার বিষয়। তবে পৃথিবীর কোথাও সবকিছু সরকারের নিয়ন্ত্রণে থাকে না। কারণ ডিজেল কিংবা পেট্রোল আমরা তৈরি করি না। যেখানে এসব উৎপাদন হয় সেখানে যখন দাম বাড়ে তখন আমাদের বাধ্য হয়ে সেই দামে কিনতে হয়। আর সেই দামগুলো কাউকে না কাউকে বহন করতে হবে।

