
কোভিড-১৯ সংক্রমণের তৃতীয় ঢেউ প্রতিরোধে
১১ দফা বিধিনিষেধ বাস্তবায়ন করছে সরকার। এরই অংশ হিসেবে সরকারি-বেসরকারি অফিসে অর্ধেক
জনবল দিয়ে কাজ চালিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে
এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগ (কোডিল্ড-১৯)
সংক্রমণের পরিস্থিতি বিবেচনায় আগামী ২৪ জানুয়ারি (সোমবার) থেকে ৬ ফেব্রুয়ারি (রোববার)
পর্যন্ত নিম্নবর্ণিত শর্ত সংযুক্ত করে সার্বিক কার্যাবলী/চলাচলে বিধি-নিষেধ আরোপ করা
হলো।
১. সব সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত/বেসরকারি
অফিসগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ করে অর্ধেক সংখ্যক কর্মকর্তা/কর্মচারী নিয়ে পরিচালনা
করতে হবে। অন্যান্য কর্মকর্তা/কর্মচারীরা নিজ কর্মস্থলে অবস্থান করবেন এবং দাপ্তরিক
কার্যক্রম ভার্চুয়ালি (ই-নথি, ই-টেন্ডারিং, ই-মেইল, এসএমএস, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য
মাধ্যম) সম্পন্ন করবেন।
২. বাংলাদেশ সুপ্রিম কোর্ট আদালতগুলোর
বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে।
৩. ব্যাংক/বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রয়োজনীয় নির্দেশনা দেবে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) করোনায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ১০ হাজার ৯০৬ জন। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯১ শতাংশ।

