
সরকারিভাবে
খোলাবাজারে বিক্রি ওএমএস (ওপেন মার্কেট সেল) ও খাদ্যবান্ধব কর্মসূচি চালু হওয়ায় ইতোমধ্যে
বাজারে চালের দাম কেজি প্রতি ৫ থেকে ৬ টাকা কমেছে। চালের দাম আরও কমবে বলে জানিয়েছেন
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
বৃহস্পতিবার
(৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় নওগাঁর পোরশা উপজেলার সারাইগাছি বাজারে ওএমএস (ওপেন মার্কেট
সেল) কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান খাদ্যমন্ত্রী।
সাধন চন্দ্র
মজুমদার বলেন, আমন ধানে কৃষকরা যেন ন্যায্যমূল্য পায়, সেটা নিয়ে কাজ করা হচ্ছে। ন্যায্যমূল্য
নিশ্চিত করতে আমরা প্রস্তুত আছি। ১ সেপ্টেম্বর থেকে সারাদেশে ওএমএস (ওপেন মার্কেট সেল)
ও খাদ্যবান্ধব কর্মসূচি শুরু হয়েছে। খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে দেশের ৫০ লাখ হতদরিদ্র
জনগোষ্ঠীকে ১৫ টাকা কেজি দরে প্রতি মাসে ৩০ কেজি চাল দেওয়া হচ্ছে। এ ছাড়া ওএমএস সপ্তাহে
৫ দিন চলছে। সারাদেশে ২ হাজার ৩৭০ জন ডিলারের মাধ্যমে ওএমএস বিতরণ করা হচ্ছে।
তিনি আরও বলেন,
আগে একজন ওএমএসের ডিলার এক টন চালের বরাদ্দ পেতেন। এবার প্রত্যেক ডিলার দু’টন চাল বরাদ্দ পাচ্ছেন। ওএমএস কেন্দ্রে
টিসিবি কার্ডধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া সমাজের পিছিয়ে পড়া এবং তৃতীয়
লিঙ্গের মানুষেরা অগ্রাধিকার পাবেন। টিসিবি কার্ডধারীরা কার্ড দেখিয়ে এবং সাধারণ মানুষ
জাতীয় পরিচয়পত্র দেখিয়ে মাসে দু’বার ৫ কেজি করে চাল কিনতে পারবেন। এক ব্যক্তি যাতে বারবার চাল কিনতে
না পারেন, সেটা নিশ্চিত করা হচ্ছে।

