Logo
শিরোনাম

লন্ডন থেকে দুর্গাপূজায় হামলার পরিকল্পনা হয়েছে: তথ্যমন্ত্রী

প্রকাশিত:মঙ্গলবার ২৬ অক্টোবর ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৭৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দুর্গাপূজায় হামলার পরিকল্পনা হয়েছে লন্ডনে বসে দীর্ঘ একমাস ধরে। যারা একাজ করেছে তারা প্রকৃত মুসলমান নয়।

মঙ্গলবার দুপুরে রাজশাহীর সার্কিট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সবকিছুতে ব্যর্থ হয়ে মূর্তির কাছে কোরআন রেখে সারাদেশে নাশকতা সৃষ্টি করা হয়েছে। যে রেখেছে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু সে শুধু ফরমায়েশ পালন করেছে। যাদের কথায় সে এই কাজ করেছে  তাদেরও শিগগিরই শাস্তির আওতায় আনা হবে।

মন্ত্রী আরও বলেন, অর্থনৈতিক, সামাজিক, মানবসম্পদসহ সব ক্ষেত্রেই পাকিস্তানকে আমরা অনেক আগেই পেছনে ফেলে এগিয়ে গেছি। এসব ক্ষেত্রে ভারতকেও আমরা পেছনে ফেলেছি। সারাবিশ্বের অর্থনৈতিক খাত করোনা মহামারিতে ধস নেমেছে। শুধু ২০ দেশ এগিয়েছে। এরমধ্যে বাংলাদেশ অন্যতম। নেতৃত্বের কারণে সারাবিশ্বে প্রধানমন্ত্রী প্রশংসিত হয়েছেন।

তথ্যমন্ত্রী বলেন, ২০০৮ সালে দেশের মানুষের মাথাপিছু আয় ছিল ৬০০ ডলার। আজকের হিসেবে তা অন্তত চারগুণ বেড়েছে। এটা সবার পছন্দ হয়না। তাই নানা রকম ষড়যন্ত্রে তারা লিপ্ত। গুজব রটিয়ে হত্যাকাণ্ড ঘটাচ্ছে।

তিনি আরও বলেন, এর আগে পদ্মাসেতুতে নরবলি দেয়ার গুজব রটিয়ে বেশ কয়েকজন শিশুকে হত্যা করা হয়েছে। বিএনপি-জামাত চক্রই এইসব গুজব রটিয়েছে।

করোনার ভ্যাকসিন নিয়ে গুজবের সমালোচনা করে মন্ত্রী আরও বলেন, ভ্যাকসিন নিয়েও গুজব রটায়। পরে মির্জা ফখরুল থেকে শুরু করে সবাই ভ্যাকসিন নেয়। কেউ কেউ গোপনেও ভ্যাকসিন নিয়েছে।

এ সময় রাজশাহীতে টেলিভিশন কেন্দ্র চালুর প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী নির্বাচনের আগেই এখানে টেলিভিশন কেন্দ্র চালু হবে।


আরও খবর