
মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির পৃথক অভিযানে ৯১টি সোনার বারসহ আব্দুস শুকুর নামের এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকালে মহেশপুর সীমান্তের যাদবপুর ও চুয়াডাঙ্গার নিমতলা সীমান্তের আকন্দবাড়িয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আব্দুর কুদ্দুস জীবন নগর উপজেলার নতুনপাড়া গ্রামের মৃত. তবির রহমানের ছেলে। রাত সাড়ে ৮টার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিজিবি এ তথ্য নিশ্চিত করে।
মহেশপুর ৫৮বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহীন আজাদ বলেন, গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে বিজিবির টহল দল যাদবপুর এলাকার অভিযান চালায়। এসময় সীমান্তের একটি কলাবাগানের মধ্যে মাটি চাপা অবস্থায় ৮৫টি সোনার বার জব্দ করে। একই সময় চুয়াডাঙ্গা জেলার নিমতলা বিওপির আকন্দবাড়িয়া থেকে সন্দেহজনক অবস্থায় আব্দুস শুকুরকে আটক করা হয়। পরে তার পায়ের জুতার নিচ থেকে ছয়টি সোনার বার জব্দ করা হয়। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য আট কোটি ৫৫ লাখ ৫৯ হাজার টাকা। আটককৃতর বিরুদ্ধে সোনা চোরাচালান আইনে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

