
সুনির্দিষ্ট কোনও অভিযোগ না থাকলে মহাসড়ক অথবা সড়কে চলাচলকারী পণ্যবাহী গাড়ি থামানো যাবে না বলে জানিয়েছে পুলিশ সদর দফতর। মঙ্গলবার (৫ এপ্রিল) পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত ফেব্রুয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সংক্রান্ত এক ভার্চুয়াল সভায় মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের এ নির্দেশনা প্রদান করা হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এম খুরশীদ হোসেন। এসময় সকল মেট্রোপলিটন কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা যুক্ত ছিলেন।
রমজান ও আসন্ন
ঈদকে কেন্দ্র করে মহাসড়কে যাতে চাঁদাবাজি না হয় তার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।
পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এআইজি মোহাম্মদ কামরুজ্জামান
স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় অতিরিক্ত
আইজি এম খুরশীদ হোসেন বলেন, রোজা এবং ঈদকে কেন্দ্র করে শপিং মল, মার্কেটের নিরাপত্তা
জোরদার করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার বা গুজব ছড়িয়ে কোনও ব্যক্তি বা
গোষ্ঠী যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সে ব্যাপারে তৎপর থাকতে হবে।
তিনি যানবাহন
চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। সভায় বিট
পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করার মাধ্যমে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়ার
ওপর গুরুত্বারোপ করা হয়।

