
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণুবিজ্ঞানী
প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়ার জন্মদিন আজ। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
জ্যেষ্ঠ জামাতা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী। ১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারি রংপুরের
পীরগঞ্জ উপজেলার লালদীঘির ফতেহপুর গ্রামে তার জন্ম। এই মেধাবী বিজ্ঞানী ২০০৯ সালের
৯ মে মারা যান।
জন্মদিন উপলক্ষ্যে রংপুর মহানগর আওয়ামী
লীগ, তার জন্মস্থান পীরগঞ্জ উপজেলার লালদীঘি ফতেহপুর গ্রামে ড. ওয়াজেদ স্মৃতি সংসদ,
উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন স্মৃতিচারণ, সুরা ফাতেহা পাঠ, কবর জিয়ারত, মিলাদ
মাহফিল ও গরিবদের মাঝে খাবার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
ড. ওয়াজেদ মিয়া ১৯৫৬ সালে রংপুর জিলা স্কুল
থেকে ম্যাট্রিক এবং ১৯৫৮ সালে রাজশাহী সরকারি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। তিনি
১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে এমএসসি পাশ করেন। ১৯৬৭ সালে লন্ডনের
ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডক্টরেট ডিগ্রি লাভ করেন তিনি। বাংলাদেশ পরমাণু শক্তি
কমিশনের চেয়ারম্যান ছিলেন ড. এমএ ওয়াজেদ মিয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি
ফজলুল হক হলের আবাসিক ছাত্র ছিলেন এবং ছাত্রলীগ মনোনীত প্রার্থী হিসাবে ১৯৬১-৬২ শিক্ষা
বছরের জন্য হল ছাত্র সংসদের সহসভাপতি নির্বাচিত হন। ১৯৬২ সালে শিক্ষা কমিশনবিরোধী আন্দোলনে
গ্রেফতার হন। ১৯৬৩ সালের ১ এপ্রিল তিনি তৎকালীন পাকিস্তান আণবিক শক্তি কমিশনে যোগ দেন।
১৯৬৩-৬৪ শিক্ষা বছরে তিনি লন্ডনের ইম্পেরিয়াল কলেজের ‘ডিপ্লোমা অব ইম্পেরিয়াল
কলেজ কোর্স’ কৃতিত্বের সঙ্গে সম্পন্ন করেন।

