
নতুন বছরের একমাস যেতেই পানির দাম তিনগুণ বাড়ালো রাজশাহী ওয়াসা। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) থেকে আবাসিক ও বাণিজ্যিক উভয় ক্ষেত্রেই পানির নতুন দাম কার্যকর করা হয়েছে। এ নিয়ে মহানগরবাসীর মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তবে রাজশাহী ওয়াসা কর্তৃপক্ষ দাবি করেছে, রাজশাহীতে পানির দাম তিনগুণ বাড়ানোর পরও এই দাম দেশের অনেক শহরের চেয়ে অনেক কম।
গত জানুয়ারির শুরুতে রাজশাহী মহানগরীতে পানির দাম তিনগুণ বাড়ানোর সিদ্ধান্ত নেয় রাজশাহী পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা)। এ বিষয়টি প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রচার করা হয়।
রাজশাহী ওয়াসার বলছে, ১ ফেব্রুয়ারি থেকে প্রতি ১ হাজার লিটার পানির মূল্য আবাসিকে ৬ দশমিক ৮১ টাকা এবং বাণিজ্যিকে ১৩ দশমিক ৬২ টাকা নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে পাইপের ব্যাস ও ভবনের তলার ভিত্তিতেও নতুন মূল্য নির্ধারণের কথা বলা হয়েছে।
এদিকে পানির মূল্য অস্বাভাবিক বৃদ্ধির বিষয়ে স্থানীয় সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেছেন, ওয়াসার পানি সব সময় ঠিকমতো পাওয়া যায় না। রাজশাহী ওয়াসা যে পানি সরবরাহ করে, তা পরীক্ষা করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মানুষের মল থেকে সৃষ্ট মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর ব্যাকটেরিয়া পেয়েছে। ফলে প্রতীয়মান হয় যে, পানির নামে রাজশাহী ওয়াসা মানুষকে বিষ সরবরাহ করছে। করোনাকালীন পরিস্থিতির মধ্যে সরবরাহকৃত পানির মান নিশ্চিত না করেই পানির দাম কমানোর দাবি জানান তিনি।
নগরীর উপশহরে বসবাসকারী আজমাল হোসেন বলেন, দুই টাকার যায়গায় তিন টাকা হতে পারে। কিন্তু ছয় টাকা হয় কি করে? আমাদের তো আয় বাড়েনি। তবে পানির দাম এতো বাড়বে কেন? এটা আমাদের উপর চাপিয়ে দেয়া বলে উল্লেখ করেন তিনি।
রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক জাকির হোসেন দাবি করেন, ওয়াসার পরিধি দিন দিন বাড়ছে। সাথে খরচ ও বেড়েছে। এছাড়াও বেড়েছে জীবন জীবিকার মান। ফলে পানির দাম বাড়ানোর কোন বিকল্প নেই। সবকিছুর সঙ্গে সামঞ্জস্য রেখে পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর পানির দাম বাড়ানোর পরও এটি দেশের অনেক শহরের চেয়ে কম।
তিনি আরও বলেন, সিটি করপোরেশনের পানি সরবরাহ শাখাকে আলাদা করে ২০১০ সালের ১ আগস্ট প্রতিষ্ঠা হয় রাজশাহী ওয়াসা। বর্তমানে ১০৩টি গভীর নলকূপের মাধ্যমে পানি উত্তোলন করে তা পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা হচ্ছে। নগরীতে পানির চাহিদা প্রতিদিন ১১ কোটি ৩২ লাখ লিটার। তবে ওয়াসা ৯ কোটি লিটার পানি সরবরাহ করতে পারে। ৭১২ কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ করা হয়।

