
গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জেব্রার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং দায়িত্বে অবহেলার অভিযোগ তদন্তের স্বার্থে সেখানকার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ভেটেরিনারি অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় গঠিত মন্ত্রণালয়ের তদন্ত কমিটি তদন্তের স্বার্থে দায়িত্বরতদের এই প্রতাহার ও বদলি করেছে। একইসঙ্গে সাফারি পার্কের প্রকল্প পরিচালক মো. জাহিদুল কবিরকে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে পরিবেশ মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরপেক্ষ তদন্তের জন্য আজ সোমবার (৩১ জানুয়ারি) সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান এবং ভেটেরিনারি অফিসার ডা. হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইনকে প্রত্যাহার করে বন অধিদফতরে সংযুক্ত করা হয়েছে। তাদের স্থলে যথাক্রমে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ফরিদপুরে সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. রফিকুল ইসলাম এবং কক্সবাজারের ডুলাহাজরার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে প্রত্যাহার করা, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে বলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জানায়।
প্রসঙ্গত, গত ২ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ৯টি জেব্রা মারা যায়। ওই ঘটনায় গঠিত বিশেষজ্ঞ বিশেষ মেডিক্যাল বোর্ড জানায়, মারামারি করে চারটি এবং ইনফেকশনাল ডিজিজে পাঁচটি জেব্রা মারা গেছে। সবশেষ গত শনিবার আরেকটি জেব্রা মারা যায়। জেব্রাগুলোর মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

