
ভারত-জিম্বাবুয়ে
ম্যাচের মধ্যদিয়ে শেষ হয়েছে সুপার টুয়েলভের খেলা। ইতোমধ্যে বিশ্বকাপের সেমিফাইনালে
জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ভারত ও পাকিস্তান।
গ্রুপ ওয়ান থেকে
চ্যাম্পিয়ন হিসেবে নিউজিল্যান্ড এবং রানার্সআপ হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে
ইংল্যান্ড। তাদের অপেক্ষা ছিল গ্রুপ টু থেকে কারা উঠছে সেমিফাইনালে। অবশেষে তাদের অপেক্ষার
পালা শেষ হয়েছে। এ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে ভারত ও রানার্সআপ হয়ে সেমিফাইনালে জায়গা
করে নিয়েছে পাকিস্তান।
তবে পাকিস্তানের
সেমিফাইনালে জায়গা করে নেয়াটা সহজ ছিল না। অলৌকিকভাবে তারা জায়গা করে নিয়েছে সেমিফাইনালে।
অথচ পাকিস্তান সেমিফাইনাল খেলবে এমনটা রোববার সকালের শুরুতেও ভাবতে পারেননি দেশটির
অধিকাংশ মানুষ। কিন্তু নেদারল্যান্ডস তাদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকের পরাজিত করে
পাকিস্তানের সেমিতে যাওয়ার রাস্তা পুরোপুরি পরিষ্কার করে দেয়। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের
আগে সমীকরণটা দাঁড়ায় জিতলেই ফাইনাল নিশ্চিত হবে বাবর-আফ্রিদিদের। দক্ষিণ আফ্রিকা পরাজয়বরণ
করায় জিম্বাবুয়ের বিপক্ষে নামার আগেই সেমিফাইনাল নিশ্চিত হয় ভারতের।
বিশ্বকাপে খেলতে
আসার আগে ভারত দেশের মাটিতে ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজ হারায়। এবার সেমিফাইনালে
সেই পুরনো প্রতিপক্ষকেই পেল ভারত। অন্যদিকে পাকিস্তানও বিশ্বকাপে খেলতে আসার আগে নিউজিল্যান্ডের
মাটিতে বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলে। যেখানে ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে
চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। কাকতালীয়ভাবে সেই নিউজিল্যান্ডই আবার পাকিস্তানের সেমিফাইনালের
প্রতিপক্ষ।
ভারত ও পাকিস্তান
সেমিফাইনালে নিজ নিজ ম্যাচে জয় পেলে ২০০৭ সালের পর টি-টোয়েন্টি বিশ্বকাপ আবারও দেখতে
পাবে ফাইনালে ভারত-পাকিস্তানের দ্বৈরথ। অবশ্য সুপার টুয়েলভের ম্যাচে ভারত ৪ উইকেটে
পাকিস্তানকে পরাজিত করেছিল। আর ২০০৭ বিশ্বকাপের ফাইনালেও পাকিস্তানকে হারিয়ে প্রথম
দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছিল ভারত।
সেমিফাইনাল এবং
ফাইনালের সূচি:
প্রথম সেমিফাইনাল
নিউজিল্যান্ড
বনাম পাকিস্তান, ৯ নভেম্বর (বুধবার), দুপুর ২টা, সিডনি।
দ্বিতীয় সেমিফাইনাল:
ভারত বনাম ইংল্যান্ড,
১০ নভেম্বর (বৃহস্পতিবার), দুপুর ২টা, অ্যাডিলেড ওভাল।
ফাইনাল:
প্রথম সেমিফাইনালের
জয়ী দল বনাম দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দল, ১৩ নভেম্বর (রোববার), দুপুর ২টা, মেলবোর্ন।
উল্লেখ্য, সেমিফাইনাল
ও ফাইনালে রয়েছে রিজার্ভ ডের ব্যবস্থা।

