Logo
শিরোনাম

সমরাস্ত্র বিক্রির প্রস্তাব এখন বাংলাদেশের কাছে

প্রকাশিত:মঙ্গলবার ১৬ নভেম্বর ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৩০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বিশ্বের সমরাস্ত্রের বিক্রেতাদের নজর এখন বাংলাদেশের দিকে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ডস, তুরস্ক, জাপান, জার্মানি, রাশিয়া, ইতালির কাছে অন্যান্য দেশের মতো বাংলাদেশও অত্যাধুনিক অস্ত্রের সম্ভাব্য ক্রেতা। সে কারণে এসব দেশ থেকে প্রতিরক্ষা সহযোগিতা ও সমরাস্ত্র বিক্রির বিভিন্ন প্রস্তাবও বাংলাদেশের কাছে এসেছে।

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেছেন, পশ্চিমা দেশগুলো এখন বাংলাদেশের কাছে অত্যাধুনিক অস্ত্র বিক্রিতে আগ্রহ দেখাচ্ছে। এসব প্রস্তাব যাচাই-বাছাইয়ের পর বাংলাদেশের সক্ষমতা অনুযায়ী দাম, মান ও কৌশলগত দিক বিবেচনা করে সেগুলো নেওয়া হবে।

দেশের সামরিক বাহিনীগুলোকে আধুনিকায়নের উদ্দেশ্যে ২০০৯ সালে প্রথম ফোর্সেস গোল ২০৩০ গ্রহণ করে বাংলাদেশ। ২০১৭ সালে তা সংশোধন করা হয়। এর মাধ্যমে দেশের সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীকে যুগোপযোগী ও আধুনিক করার পরিকল্পনা হাতে নেওয়া হয়। তারই অংশ হিসেবে আধুনিক সমরাস্ত্র কেনার বিষয়টি সামনে আসছে।

তা ছাড়া পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্কের পরিবর্তন এনেছে বাংলাদেশ। যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে কৌশলগত পর্যায়ে নিয়ে গেছে বাংলাদেশ। অর্থনৈতিক সক্ষমতা বাড়ায় বাংলাদেশকে নিয়মিত বাণিজ্যের পাশাপাশি সমরাস্ত্রের সম্ভাব্য বাজার হিসেবে বিবেচনা করছে পশ্চিমা দেশগুলো।

সে কারণে মতপ্রকাশের স্বাধীনতা, আইনের শাসন, গণতান্ত্রিক চর্চা, শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা, বিচারব্যবস্থাকে আরও কার্যকরী করা, বিচারবহির্ভূত হত্যা, নির্বাচন, নির্বাচন কমিশন গঠন, বিরোধী মতকে প্রাধান্য না দেওয়ার মতো ইস্যুগুলো নিয়ে আগের মতো সমালোচনা করছে না পশ্চিমারা। বাংলাদেশকে না চটিয়ে ব্যবসায় মনোযোগ দিয়ে কৌশলে পরিবর্তন করছে তারা।

পাশাপাশি চীনকে ঠেকাতে ভারত প্রশান্ত মহাসাগরীয় কৌশল তো রয়েছেই। সেই দলেও বাংলাদেশকে নিতে চায় পশ্চিমারা।

নিরাপত্তা বিশ্লেষক ও বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের প্রেসিডেন্ট মেজর জেনারেল (অব) মনিরুজ্জামান বলেন, ফোর্সেস গোল ২০৩০-কে লক্ষ্য রেখে সমরাস্ত্র সংগ্রহ করছে বাংলাদেশ। এগুলো সংগ্রহ করে ঘাটতি পূরণ করা হচ্ছে। যে অস্ত্রগুলো আমাদের কাছে মজুত নেই, সেগুলোই কেনা হচ্ছে। বাংলাদেশের কৌশলগত অবস্থানে সম্ভাব্য যে শক্তি বজায় রাখা প্রয়োজন, সেই দিকে লক্ষ্য রেখে আমাদের সমরাস্ত্র সংগ্রহের প্রয়োজনীয়তা রয়েছে।

নিউজ ট্যাগ: সমরাস্ত্র

আরও খবর