
প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি উপদেষ্টা
সজীব ওয়াজেদ জয় বলেছেন, যারা এ দেশের মানুষের জন্য নিজেদের সময়, শ্রম, মেধা ও অর্থ
ব্যয় করে যাচ্ছেন, তাদের মধ্যে দিয়েই এগিয়ে যাচ্ছে সোনার বাংলার স্বপ্ন।
সোমবার জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের পঞ্চম
আসরের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেওয়া ভিডিও বক্তৃতায় এ কথা বলেন বঙ্গবন্ধুর দৌহিত্র
ও সিআরআইয়ের চেয়ারম্যান জয়।
তিনি বলেন, “যারা আমাদের দেশের
জন্য পরিশ্রম করছে, সময় দিচ্ছে, অর্থ দিচ্ছে…তারা কারো কাছে
হাত পেতে নয়… তাদের ইচ্ছা হচ্ছে মানুষের সমস্যার সমাধান করা। তারাই
হচ্ছে আমাদের সোনার বাংলার স্বপ্ন।"
সারা দেশে মানুষের কল্যাণে যে তরুণ উদ্যোক্তা
ও সংগঠন কাজ করে যাচ্ছে, তাদের মধ্যে বাছাই করা ১৫ সংগঠনকে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড
দেওয়া হয় এ অনুষ্ঠানে। আওয়ামী লীগের গবেষণা উইং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন-
সিআরআইয়ের অঙ্গ প্রতিষ্ঠান ইয়াং বাংলা ২০১৪ সাল থেকে এ পুরস্কার দিয়ে আসছে।
জয় বলেন, "আমরা নিজের পায়ে দাঁড়িয়েছি।
লড়াই করে রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছি। কেউ আমাদেরকে স্বাধীনতা হাতে তুলে দেয়নি।
“তেমনি সোনার বাংলাও
আমরা গড়ছি নিজেদের পরিশ্রম, নিজেদের মেধা দিয়ে। আমরা কারো ওপর নির্ভরশীল না। তাই আমি
অত্যন্ত গর্বিত যে আমাদের দেশে ইয়াং বাংলার মতো উদ্যোগ আছে, মেধাবী-তরুণ ছেলেমেয়ে আছে;
যারা দেশের জন্য পরিশ্রম করে যাচ্ছে।"
সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন
ইনস্টিটিউটে আয়োজিত এ অনুষ্ঠানে ভিডিও বক্তৃতা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজয়ীদের
হাতে পুরস্কার তুলে দেন সিআরআইয়ের ট্রাস্ট্রি ও বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক।
অনুষ্ঠানে ভিডিও বক্তব্যে সিআরআইয়ের চেয়ারম্যান
জয় বলেন, “পঞ্চাশ বছর আগে জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন।
এই দীর্ঘ সময়ে অনেক পথ পার হয়ে আসতে হয়েছে।
“ষড়যন্ত্র, হত্যাকাণ্ড,
স্বৈরাচারী সরকার…। তবে এখন পঞ্চাশ বছর পর খুব গর্ব করতে
বলতে পারি, বঙ্গবন্ধুর সেই স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন হচ্ছে তার কন্যা শেখ হাসিনার
নেতৃত্বে।”
তরুণ উদ্যোক্তাদের প্রশংসা করে প্রধানমন্ত্রীর
উপদেষ্টা বলেন, "যারা নিজেদের পরিশ্রম দিয়ে নিজেদের উদ্যোগে দেশের মানুষের সেবা
দিয়ে যাচ্ছেন, তারা সোনার বাংলার একটি উদাহরণ। সোনার বাংলা হচ্ছে আমাদের দেশের মানুষের
উন্নয়নের স্বপ্ন। আমার দেশের উন্নয়নের স্বপ্ন।
“দেশের প্রতিটি
মানুষ যাতে সুস্থ থাকে, শান্তিতে থাকে, অভাব না থাকে; সেটাই হচ্ছে সোনার বাংলার স্বপ্ন।
সেই স্বপ্ন পূরণ করার জন্য আমাদের আওয়ামী লীগ সরকার পরিশ্রম করে যাচ্ছে।"
দেশের জন্য কাজ করা তরুণ উদ্যোক্তা ও সংগঠনের
প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, "আমাদের ভিশন ২০২১ হচ্ছে সেই স্বপ্নের একটি
ভিশন। ডিজিটাল বাংলাদেশ সেই স্বপ্নের একটা উদ্যোগ।”
আওয়ামী লীগের গবেষণা উইং সেন্টার ফর রিসার্চ
অ্যান্ড ইনফরমেশন- সিআরআইয়ের অঙ্গ প্রতিষ্ঠান ইয়াং বাংলা দেশের তরুণদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম।
৫০ হাজারের বেশি স্বেচ্ছাসেবী এবং ৩১৫টির বেশি সংগঠনকে সাথে নিয়ে চলা এ সংগঠনটির সদস্য
সংখ্যা বর্তমানে প্রায় ৩ লাখ।
দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে তরুণ প্রজন্মকে
সরাসরি অন্তর্ভুক্ত করার লক্ষ্যে তাদের নতুন ধারণা ও উদ্ভাবনগুলোকে তুলে আনার জন্যই
২০১৪ সালের ১৫ নভেম্বর আত্মপ্রকাশ করে ইয়াং বাংলা প্ল্যাটফর্ম।
এ প্ল্যাটফর্ম থেকে তরুণদের ক্ষমতায়ন ও
দেশ গঠনে তাদের অবদান তুলে ধরার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। তরুণদের কাজের স্বীকৃতির
জন্য জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। এছাড়া উদ্যোক্তা সৃষ্টি করতে প্রশিক্ষণ
ও নানা ধরনের সহায়তাও করছে ইয়াং বাংলা।

