
পররাষ্ট্র সচিব
মাসুদ বিন মোমেন বুধবার (২৩ ফেব্রুয়ারি) ভারত সফরে যাচ্ছেন। ভারতের পররাষ্ট্র সচিব
হর্ষ বর্ধন শ্রিংলার আমন্ত্রণে তার এই সফর। শ্রিংলা গত ডিসেম্বরে তিন দিনের সফরের জন্য
মোমেনকে আমন্ত্রণ জানিয়েছিলেন।
সূত্র জানায়,
পররাষ্ট্রসচিব মোমেন বুধবার ভারতের চেন্নাই পৌঁছাবেন। সেখানে তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের
ডেপুটি হাইকমিশন উদ্বোধন করবেন। চেন্নাই থেকে পরদিন পৌঁছাবেন নয়াদিল্লিতে। সেখানে
২৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুই দেশের পররাষ্ট্রসচিব দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বৈঠকে
দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করা হবে বলে আশা করা হচ্ছে।
গত বছর ভারতের
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করেন। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি
সফরের কথা রয়েছে। পররাষ্ট্র সচিবের দিল্লি সফরকালে বিষয়টি আলোচনা হতে পারে।
আগামীতে বাংলাদেশ ও ভারতের দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের যৌথ পরামর্শক কমিশনের বৈঠকের প্রস্তুতি নিয়েও আলোচনা করবেন মাসুদ বিন মোমেন। মোমেন ভারতে তার তিন দিনের সরকারি সফর শেষে আগামী ২৫ ফেব্রুয়ারি ঢাকার উদ্দেশ্যে নয়াদিল্লি ত্যাগ করবেন।
ভারতের পররাষ্ট্রসচিব
হর্ষ বর্ধন শ্রিংলা গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ সফর করেন। সে সময় মাসুদ বিন মোমেনকে
দিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।

