
আইসিসির নতুন চেয়ারম্যান হওয়ার দৌড়ে রয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি ও সদস্য সচিব জয় শাহ। দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ সম্পর্কে জানা গেছে।
আইসিসির বর্তমান চেয়ারম্যান গ্রেগ বার্কলে।বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার এ পদে আর থাকতে চান না তিনি। ২০২০ সালের নভেম্বরে আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন বার্কলে। সেবার ভারতীয় সংগঠক শশাঙ্ক মনোহরের স্থলাভিষিক্ত হন তিনি।
প্রতিবেদনে বলা হয়, ইতোমধ্যে আইসিসির চেয়ারম্যান হওয়ার ইচ্ছা পোষণ করেছেন গাঙ্গুলি ও জয়। এর আগে ১৯৯৭-২০০০ সাল পর্যন্ত ভারতের জগমোহন ডালমিয়া, ২০১০-২০১২ পর্যন্ত শারদ পাওয়ার এবং ২০১৪- ২০১৫ পর্যন্ত শশাঙ্ক মনোহর আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
আইসিসির বর্তমান চেয়ারম্যান বার্কলে অকল্যান্ডের পেশাদার আইনজীবি। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের দায়িত্ব পালনের ফলে আইনজীবি পেশা সামলাতে পারছেন না তিনি। তাই নিজের মেয়াদ আর বাড়াতে চান না।
ফলে সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বরে নতুন চেয়ারম্যান পেতে যাচ্ছে আইসিসি। সংস্থাটির প্রত্যেক চেয়ারম্যান দুই বছরের জন্য নির্বাচিত হন। তবে ইচ্ছা করলে মেয়াদ বাড়াতে পারেন তারা।

