
আজকের আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশ-নেপাল দুই দলের মুখোমুখি লড়াইয়ে জয় ছিল সমান ৪টি করে। দুই দলের মুখোমুখি পূর্বের ১৩ ম্যাচের বাকি ৫টি হয়েছিল ড্র।
তবে আজকের প্রীতি ম্যাচে বাংলাদেশকে ৩-১ গোল ব্যবধানে হারিয়ে এগিয়ে গেল নেপাল। দুই দলের মধ্যকার ১৪ ম্যাচে নেপালের জয় এখন ৫টি।
নেপালের দশরথ স্টেডিয়ামে এদিন স্বাগতিকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছে জামাল ভূঁইয়ারা। তবে গোল প্রাপ্তির দিক থেকে প্রথমার্ধেই বেশ এগিয়ে যায় নেপাল। দলটির স্ট্রাইকার অনন্ত বিষ্ঠার হ্যাটট্রিকে প্রথমার্ধেই ৩ গোলের লিড নেয় দলটি।
দ্বিতীয়ার্ধে সাজ্জাদ হোসেনের গোলে বাংলাদেশ ম্যাচে ফেরার ইঙ্গিত দিলেও গোলের দেখা পায়নি। যদিও ম্যাচে আক্রমণের দিক দিয়ে এগিয়েই ছিল বাংলাদেশ। জামালদের ১০ আক্রমণের বিপক্ষে নেপাল আক্রমণ করতে পেরেছে ৯টি। দুই দলই সমান ৫টি করে শট গোলমুখে রাখতে পেরেছিল।

