
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেছেন, ‘আজ অফিসিয়ালি আপনাদের সঙ্গে আমার শেষ ব্রিফিং। মন্ত্রিসভা ধন্যবাদ দিয়েছে। ধন্যবাদ, আপনাদের কথাও মনে থাকবে। দায়িত্ব পালনে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানাই। আপনাদের সবার প্রতি আমার দোয়া রইলো।’
মন্ত্রিসভার বৈঠক শেষে সোমবার (১২ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
আগামী ১৫ ডিসেম্বর বর্তমান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের মেয়াদ শেষ হচ্ছে। সে হিসেবে সোমবারের (১২ ডিসেম্বর) মন্ত্রিসভা বৈঠকের বিষয়ে প্রেস ব্রিফিং ছিল খন্দকার আনোয়ারুল ইসলামের শেষ ব্রিফিং। মন্ত্রিপরিষদ সচিব পদে পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ারকে নিয়োগ দিয়েছে সরকার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে প্রেস ব্রিফিং করতে আসেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
এ সময় তিনি বলেন, ‘আমরা মানুষের কথা চিন্তা করে, দেশের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। কাজ করতে গিয়ে ভুল-ত্রুটি হয়েছে। দেশবাসীর কাছে অনুরোধ জানাই ক্ষমা করে দেওয়ার।’
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ভবিষ্যৎ পরিকল্পনা—আই হ্যাভ রিটায়ার্ড। এখন আল্লাহর রহমতে দেখা যাক, কী করা যায়।’
সরকার যদি কোনো প্রকল্প বা কোনো খাতে আপনাকে অফার করে? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এগুলো নিয়ে কোনো আলোচনা হয়নি। আমি তো করেছি সরকারি চাকরি। আমি ভেরি লাকি, সম্ভবত ৪০ বছর; আমি সেক্রেটারিও ১২ বছর থেকে।’
সরকারের ডিজিটাল বাংলাদেশ, গুড গভর্ন্যান্স, রাইট টু ইনফরমেশন, জাতীয় শুদ্ধাচার কৌশলসহ বিভিন্ন কর্মসূচিতে জড়িত ছিলেন খন্দকার আনোয়ারুল ইসলাম।

