
শেষ ওভারে স্বাগতিক
অস্ট্রেলিয়ার জয়ের জন্য দরকার ছিল ১১ রান। ভারতের বোলিং প্রান্তে প্রথমবারের মতো সুযোগ
পান জাসপ্রিত বুমরার পরিবর্তে স্কোয়াডে জায়গা পাওয়া পেসার মোহাম্মদ শামি। প্রথম দুই
বল থেকে ৪ রান নিলেও পরের চার বলে টানা উইকেট তুলে নিয়ে দলীয় ডাবল হ্যাট্রিকে অজিদের
৬ রানে হারিয়েছে ভারত।
ম্যাচের শেষ ওভারের
প্রথম দুই বলে প্যাট কামিন্স ডাবল করে রান নিলে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৪ বলে ৭ রান।
কিন্তু শামির ওভারের তৃতীয় বলে কোহলির হাতে ক্যাচ তুলে দেন কামিন্স। পরের বলে অ্যাস্টন
আগার রান আউট হয়ে যান। আর শেষ দুই বলে জস ইংলিশ ও কেন রিচার্ডসনকে বোল্ড করে দলীয় ডাবল
হ্যাট্রিক পূরণ করেন ৩২ বছর বয়সী শামি।
প্রথমে ব্যাট
করতে নেমে লোকেশ রাহুল ও সূর্যকুমার যাদবের ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮৬
রান করে ভারত। জবাবে অধিনায়ক অ্যারন ফিঞ্চের ৭৬ রানের ইনিংসের পরও ২০ ওভারে ১৮০ রানে
অলআউট হয়ে যায়অজিরা।
সোমবার (১৭ অক্টোবর)
ব্রিসবেনের গাব্বায় টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা বেশ দাপুটে হয় ভারতের। আট ওভারেই
লোকেশ রাহুল ও রোহিত শর্মার ব্যাটে ভর করে উদ্বোধনী জুটিতে ৭৮ রান তোলে ভারত।
অষ্টম ওভারের
তৃতীয় বলে ৩৩ বলে ৫৭ করে বিদায় নেন রাহুল। পরের ওভারেই ১৪ বলে ১৫ করে মাঠ ছাড়েন রোহিত।
আর তাতেই মোমেন্টাম হারায় ভারত।
উইকেটের এক প্রান্তে
আসা-যাওয়ার মিছিল চলতে থাকলেও থিতু হয়ে বসে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন সুরিয়াকুমার
ইয়াদভ। ৩৩ বলে ৫০ করে রিচার্ডসনের শিকার হয়ে তিনি ফিরলে আর তেমন কার্যকরী ইনিংস খেলা
সম্ভব হয়নি কারও পক্ষে।
অস্ট্রেলিয়ার
হয়ে একাই ৪ উইকেট নেন কেন রিচার্ডসন। একটি করে উইকেট পান মিচেল স্টার্ক, গ্লেন ম্যাক্সওয়েল
ও অ্যাস্টন আগার।
জবাবে ব্যাট করতে
নেমে মিচেল মার্শ ও অ্যারন ফিঞ্চের দায়িত্বশীল ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতেই ৬৪ রান তোলে
স্বাগতিকরা। ষষ্ঠ ওভারে মিচেল মার্শ বিদায় নিলেও স্টিভেন স্মিথকে নিয়ে দলকে এগিয়ে নিয়ে
যেতে থাকেন ফিঞ্চ।
এক প্রান্তে নিয়মিত
বিরতিতে উইকেট পড়লেও অপর প্রান্ত আগলে লড়াই চালিয়ে যান কাপ্তান ফিঞ্চ। ৫৪ বলে ৭৯ রানের
ইনিংস খেলে ফিঞ্চ বিদায় নেন। দলের জয়ের জন্য সে সময় প্রয়োজন আর ১১ বলে ১৬ রান।
ভারতের বোলারদের
নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচ গড়ায় শেষ ওভারে। সে ওভারে অজিদের প্রয়োজন ৬ বলে ১১ রান। হাতে
৪ উইকেট।শেষ ওভারের সমীকরণ মেলানো সম্ভব হয়নি প্যাট কামিন্স ও জশ ইংলিশের পক্ষে। ফলে
৬ রানের হারকে সঙ্গী করে মাঠ ছাড়তে হয় তাদের।ভারতের পক্ষে মোহাম্মদ শামি ৩টি ও ভুবনেশ্বর
কুমার ২টি উইকেট লাভ করেন।

