
স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার পর তা দীর্ঘদিন গোপন করায় ব্রেন্ডন টেইলরের নিষেধাজ্ঞা পাওয়া অনুমিতই ছিল। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। জিম্বাবুয়ের সাবেক অধিনায়ককে সব ধরনের ক্রিকেট থেকে সাড়ে তিন বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি।
বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা শুক্রবার এই ঘোষণা দেয়। বিবৃতিতে জানানো হয়, দুর্নীতি বিরোধী বিধিমালার চারটি ধারা ভাঙার অভিযোগ মেনে নিয়েছেন টেইলর। সঙ্গে আলাদাভাবে একটি অ্যান্টি-ডোপিং ধারাও ভেঙেছেন তিনি।
এর আগে গত ২৪ জানুয়ারি নিজের অফিশিয়াল টুইটার একাউন্ট থেকে একটি বিবৃতি দিয়েছেন ব্রেন্ডন টেলর। সেখানে ভারতীয় ব্যবসায়ী কর্তৃক ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়া থেকে তা গোপন রাখা এবং ব্ল্যাকমেইলের শিকার হওয়া নিয়ে বিস্তারিত জানিয়েছেন এই ক্রিকেটার।

