Logo
শিরোনাম

ইংল্যান্ডের নতুন টেস্ট অধিনায়ক বেন স্টোকস

প্রকাশিত:বৃহস্পতিবার ২৮ এপ্রিল ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | ১০৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সমালোচনার মুখে টেস্টের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন জো রুট। তার জায়গায় লাল বলে ইংল্যান্ডের নতুন অধিনায়ক হলেন বেন স্টোকস। আজ (বৃহস্পতিবার) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ইংল্যান্ডের ৮১তম টেস্ট অধিনায়ক হলেন স্টোকস। ইংল্যান্ড পুরুষ ক্রিকেট দলের ব্যবস্থাপনা পরিচালক রব কির সুপারিশ আমলে নিয়ে ‍নতুন অধিনায়ক হিসেবে ডানহাতি অলরাউন্ডারকে নিয়োগ দিয়েছে ইসিবির অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা টম হ্যারিসন।

স্টোকসকে টেস্ট অধিনায়ক করা প্রসঙ্গে রব কি বলেছেন, বেনকে (স্টোকস) অধিনায়ক করার ব্যাপারে সুপারিশ করতে আমি মোটেও দ্বিধান্তিত ছিলাম না। লাল বলের ক্রিকেটে এগিয়ে চলার পথে তার মানসিকতা আমাদের দরকার ছিল। আমি আনন্দিত যে সে (স্টোকস) গ্রহণ করেছে। সে অতিরিক্ত দায়িত্বের জন্য প্রস্তুত এবং গর্বিত। সে এই সুযোগের দাবিদার।

বড্ড কঠিন সময় ইংল্যান্ডের টেস্ট দলের দায়িত্ব নিচ্ছেন স্টোকস। সবশেষ ১৭ টেস্টে মাত্র একটিতে জিতেছে যে ইংল্যান্ড। নিজেদের ইতিহাসে প্রথমবার টানা পাঁচ সিরিজে জয় নেই ইংলিশদের। যার প্রভাব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে। টেস্ট ক্রিকেটে যাদের ঐতিহ্য সবচেয়ে বেশি, সেই ইংল্যান্ডই রয়েছে তলানিতে।

পূর্ণকালীন টেস্ট নেতৃত্ব পাওয়ার আগে অবশ্য এক ম্যাচে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে স্টোকসের। ২০২০ সালে রুট পিতৃত্বকালীন ছুটিতে গেলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছিলেন এই অলরাউন্ডার। যদিও অভিজ্ঞতা সুখকর ছিল না। ক্যারিবিয়ানদের বিপক্ষে হেরেছিল ম্যাচটি।


আরও খবর