
মার্কিন ফুটবল
দলের টুইটার, ফেসবুক ও ইস্টাগ্রামে ইরানের পতাকা থেকে 'আল্লাহ' প্রতীক বাদ দিয়ে পতাকার
ছবি পোস্ট করা নিয়ে ক্ষোভে ফেটে পড়ে ইরান। এ ঘটনায় দলের খেলোয়াড় ও স্টাফদের হয়ে ক্ষমা
চেয়েছেন যুক্তরাষ্ট্রের কোচ গ্রেগ বেরহল্টার।
যুক্তরাষ্ট্র
ও ইরানের মধ্যকার কূটনৈতিক টানাপোড়েনের কথা ইতোমধ্যেই অনেকেরই জানা। কাতার বিশ্বকাপে
এই দুটি দল একই গ্রুপে থাকায় রাজনৈতিক উত্তেজনার আঁচ লেগেছে ফুটবলের মাঠেও। কিন্তু
এরই মধ্যে ইরানের পতাকাকে 'বিকৃতভাবে' উপস্থাপন করে তোপের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র
ফুটবল ফেডারেশন। এ ঘটনায় সোমবার খেলোয়াড় ও স্টাফদের পক্ষ থেকে ক্ষমা চেয়েছেন যুক্তরাষ্ট্র
ফুটবল দলের কোচ গ্রেগ বেরহল্টার।
বুধবার (৩০ নভেম্ভর)
বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে নামবে ইরান ও যুক্তরাষ্ট্র। ম্যাচ সামনে রেখে চাপা উত্তেজনা
কাজ করছে সমর্থকদের মধ্যে। কিন্তু গেল শুক্রবার মার্কিন ফুটবল দলের টুইটার, ফেসবুক
ও ইনস্টাগ্রামে ইরানের পতাকা থেকে 'আল্লাহ' প্রতীক বাদ দিয়ে পতাকার ছবি পোস্ট করা হয়।
এতে ক্ষোভে ফেটে পড়ে ইরান।
এর পরপরই ফিফার
কাছে ই-মেইলের মাধ্যমে অভিযোগ জানিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার
দাবি জানায় ইরান। তবে সম্ভাব্য শাস্তির ভয়েই কিংবা বিতর্ক থামাতে, রোববার বিকেলের মধ্যেই
পতাকার ওই ছবিটি সরিয়ে দেয় মার্কিন ফুটবল ফেডারেশন এবং সোশ্যাল মিডিয়াগুলোতে ইরানের
স্বাভাবিক পতাকার ছবি পোস্ট করে।

