
বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা
এবার ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন। কোম্পানীগঞ্জের বিভিন্ন স্থানে অবরোধের নামে বাস-সিএনজিচালিত
অটোরিকশা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এনে দোষীদের গ্রেফতারের দাবিতে এ আলটিমেটাম দেন
তিনি।
বসুরহাট পৌরসভার বঙ্গবন্ধু চত্বরে এক সমাবেশে
সোমবার সকাল ৮টা ৪০ মিনিটে এ আলটিমেটাম ঘোষণা করেন তিনি।
এ সময় নিজের বক্তব্যে কাদের মির্জা বলেন,
গত কয়েক দিন ধরে অবরোধের নামে বিভিন্ন স্থানে বাস-অটোরিকশা ভাঙচুর হয়েছে। প্রকাশ্যে
এসব বাস-অটোরিকশা থেকে চাঁদাবাজি করছে। অথচ ওসি, শামীমা (এএসপি শামীম কবির), ওসি তদন্ত,
রবিউল্লা (ডিবির ওসি রবিউল হক) তাদের গ্রেফতার করেননি। তাই আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি
এসব অরাজকতা সৃষ্টিকারীদের গ্রেফতার করা না হয়; তা হলে আগামী বুধবার কোম্পানীগঞ্জে
সর্বাত্মক অবরোধ থাকবে।
মেয়র বলেন, বুধবার কোনো বাস-অটোরিকশা বসুরহাট
থেকে ছেড়ে যাবে না। এ সময় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে পারবে এবং সব দোকানপাট
খোলা থাকবে। কোম্পানীগঞ্জে আগামী বুধবার কঠিন অবরোধ পালিত হবে।
উল্লেখ্য, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। গত ডিসেম্বরে নির্বাচনের আগে বিভিন্ন ইস্যুতে কথা বলে আলোচনায় আসেন তিনি।

